
মনিরুজ্জামান মিলন পাটোয়ারী,
নীলফামারী
নীলফামারীর জলঢাকা উপজেলার ডাউয়াবাড়ি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মধ্য নেকবক্ত জামে মসজিদে স্থানীয় যুব সমাজের উদ্যোগে এক আন্তরিক ও তাৎপর্যপূর্ণ ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৯ মার্চ) বিকেলে অনুষ্ঠিত এ আয়োজনে এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এক ধর্মীয় ও সামাজিক সম্প্রীতির মিলনমেলায় পরিণত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মসজিদের সরদার আলহাজ্ব ইব্রাহিম আলী। শুরুতেই পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, অত্র মসজিদের ইমাম, এইচ এম রৌফুল ইসলাম মেজবা, ইফতার মাহফিলের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন, মোর্শেদুল ইসলাম, রোকনুজ্জামান লিটন, লেলিন হোসেন, গোলাম রব্বানী, মশিয়ার রহমান, এজিদুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে তাফসির পেশ করেন অত্র মসজিদের ইমাম, এইচ এম রৌফুল ইসলাম মেজবা। তিনি পবিত্র কুরআন মাজিদের আলোকে রোজার তাৎপর্য, আত্মশুদ্ধি, তাকওয়া অর্জন এবং সমাজে নৈতিক মূল্যবোধ প্রতিষ্ঠার গুরুত্ব নিয়ে বিশদ আলোচনা করেন। তার বক্তব্যে তিনি বলেন, রমজান শুধু সংযমের মাস নয়, এটি আত্মগঠন ও মানবিক গুণাবলি বিকাশের এক অনন্য সুযোগ। তিনি নারী-পুরুষ সবার জন্য দ্বীনি শিক্ষার প্রয়োজনীয়তা তুলে ধরে পরিবার ও যুব সমাজকে ইসলামের সঠিক শিক্ষায় গড়ে তোলার আহ্বান জানান। এসময় যুব সমাজের উদ্যোগে মোর্শেদুল ইসলাম গণমাধ্যমকে জানান, প্রতি বছরের ধারাবাহিক তায় আমরা যুব সমাজের উদ্যোগে এই ইফতার মাহফিল আয়োজন করে আসছি। এবছরও এলাকার অনেক তরুণ স্বতঃস্ফূর্ত ভাবে আর্থিক সহায়তা দিয়েছেন। আল্লাহ তায়ালা সহায় হলে আগামী বছর আরও বৃহৎ পরিসরে এই আয়োজন করার পরিকল্পনা রয়েছে। তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে অবহেলিত এই মসজিদের দ্বিতীয় তলা নির্মাণ কাজ দ্রুত বাস্তবায়নের জন্য সকলের সম্মিলিত প্রচেষ্টা জরুরি। এ লক্ষ্যে এলাকার মুরব্বি, বিত্তবান ব্যক্তি ও যুব সমাজকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। পাশাপাশি মসজিদ কমিটির প্রতি সহযোগিতার আশ্বাস দিয়ে বলেন, মসজিদের উন্নয়নে যুব সমাজ অতীতের মতো ভবিষ্যতেও পাশে থাকবে এবং প্রয়োজনীয় আর্থিক সহায়তা প্রদান করবে, ইনশাআল্লাহ।
স্থানীয়দের মধ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ৮ নাম্বার ওয়ার্ড সভাপতি মোফাজ্জল হোসেন জানান, এ ধরনের ধর্মীয় ও সামাজিক উদ্যোগ শুধু ইবাদতের পরিবেশই সৃষ্টি করে না, বরং সমাজে ঐক্য, ভ্রাতৃত্ব ও পারস্পরিক সহযোগিতার মনোভাবও জাগ্রত করে। যুব সমাজের এ ধরনের ইতিবাচক উদ্যোগ এলাকায় প্রশংসিত হয়েছে। আয়োজনে ছিল মধ্য নেকবক্ত জামে মসজিদের একদল যুব সমাজ, যারা নিজস্ব অর্থায়ন ও এলাকার মানুষের সহযোগিতায় এই আয়োজন সফল ভাবে সম্পন্ন করেন। ইফতারের সময় প্রায় ৫০০ রোজাদারের জন্য সুসজ্জিত ভাবে বিরিয়ানির ব্যবস্থা করা হয়, যা উপস্থিত মুসল্লিদের মাঝে সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ আরও জোরদার করে। ইফতার শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়। ইফতার মাহফিল অনুষ্ঠানটিতে পরিচালনায়ে ছিলেন ফাইজুল ইসলাম।