
মোঃ আব্দুল আজিজ শেখ নওগাঁঃ
নওগাঁর নিয়ামতপুরে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১২ জুলাই) উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. মুর্শিদা খাতুন।
নিয়ামতপুর উপজেলা প্রশাসনের, আয়োজনে অনুষ্ঠিত সভায় প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় সার্বিক প্রস্তুতি, ঝুঁকি হ্রাস, আশ্রয়কেন্দ্রের প্রস্তুতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়। এছাড়া বর্ষা মৌসুমে সম্ভাব্য বন্যা, অতিবৃষ্টি, ঝড় ও অন্যান্য দুর্যোগ মোকাবিলায় সংশ্লিষ্ট সকল দপ্তরের সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি রেজাউল করিম, উপজেলা কৃষি অফিসার রফিকুল ইসলাম, উপজেলা সমাজসেবা অফিসার সাদিকুর রহমান মন্ডল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হক,উপজেলা শিক্ষা অফিসার তরিকুল ইসলামসহ প্রমূখ ব্যক্তিবর্গ। এছাড়াও সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, ফায়ার সার্ভিস, স্বাস্থ্য বিভাগ, শিক্ষা প্রতিষ্ঠান এবং দুর্যোগ ব্যবস্থাপনার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বক্তারা দুর্যোগের সময় দ্রুত সাড়া প্রদান, ক্ষয়ক্ষতি কমিয়ে আনা এবং সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে আগাম প্রস্তুতি গ্রহণের আহ্বান জানান।
সভায় দুর্যোগকালীন উদ্ধার কার্যক্রম, ত্রাণ বিতরণ, নিরাপদ আশ্রয় নিশ্চিতকরণ এবং জনগণকে সচেতন করতে ব্যাপক প্রচারণা চালানোর সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
উল্লেখ্য, উপজেলা প্রশাসন, নিয়ামতপুরের আয়োজনে এবং দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় এ সভার আয়োজন করা হয়।