
ঠাকুরগাঁও প্রতিনিধি:
ঠাকুরগাঁও সদর উপজেলার রায়পুর ইউনিয়নে কৃষিজমিতে পাওয়ার টিলার দিয়ে হাল চাষ করার সময় বজ্রপাতে ফজলু (৩৮) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
সোমবার (২০ জুলাই) সকালে সদর উপজেলার রায়পুর ইউনিয়নের কাচনা হরিন্দা গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত ফজলু ওই গ্রামের মহশিন আলীর ছেলে।
ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাজাহান আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বাড়ির পাশের কৃষিজমিতে পাওয়ার টিলার দিয়ে জমি চাষ করছিলেন ফজলু। এ সময় হঠাৎ আকাশে কালো মেঘ জমে বজ্রসহ বৃষ্টি শুরু হয়। কাজ করার একপর্যায়ে আকস্মিক বজ্রপাতে তিনি গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই মারা যান।
খবর পেয়ে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে গিয়ে তাকে উদ্ধার করার চেষ্টা করেন। তবে ততক্ষণে তার মৃত্যু হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে। স্বজনদের কান্নায় ভারী হয়ে ওঠে পুরো পরিবেশ।
ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাজাহান আলী বলেন, “কাচনা হরিন্দা গ্রামে জমি চাষ করার সময় বজ্রপাতে ফজলু নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাটি সম্পর্কে খোঁজখবর নিয়েছি এবং সার্বিক সহযোগিতা করা হয়েছে।”
এদিকে, বর্ষা মৌসুমে বজ্রপাতের ঝুঁকি বৃদ্ধি পাওয়ায় খোলা মাঠে কৃষিকাজের সময় সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা। তারা বলেন, বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস পাওয়া গেলে কৃষকদের দ্রুত নিরাপদ স্থানে আশ্রয় নেওয়া উচিত, যাতে এ ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়।