
শাহেদ আহমেদ,
সাতক্ষীরা:
সাতক্ষীরার আশাশুনি উপজেলার শ্রীউলা ইউনিয়নের বাশতলা ব্রিজ–ঘোলা খেয়াঘাট–ওয়াবদা হয়ে কাকড়াবুনিয়া জিপিএস পর্যন্ত প্রায় ১২ কিলোমিটার দীর্ঘ কাঁচা সড়কটি বছরের পর বছর সংস্কার ও উন্নয়নের অভাবে বেহাল অবস্থায় পড়ে রয়েছে। বর্ষা মৌসুমে সামান্য বৃষ্টিতেই সড়কজুড়ে কাদা ও জলাবদ্ধতার সৃষ্টি হওয়ায় এটি কার্যত চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। ফলে প্রতিদিন চার থেকে পাঁচটি গ্রামের হাজারো মানুষকে সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে। বিশেষ করে শিক্ষার্থী, কৃষক, ব্যবসায়ী, চাকরিজীবী, রোগী ও সাধারণ মানুষ সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হচ্ছেন। দীর্ঘদিনের এই দুর্ভোগ থেকে মুক্তি পেতে এলাকাবাসী সড়কটি দ্রুত পাকাকরণের দাবি জানিয়ে স্থানীয় সংসদ সদস্য হাফেজ মুহাদ্দিস রবিউল বাশারের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, রোড আইডি-২৮৭০৪৪১৬২-এর আওতাধীন এই সড়কটি শ্রীউলা ইউনিয়নের অন্যতম গুরুত্বপূর্ণ যোগাযোগপথ। ইউনিয়নের বিভিন্ন গ্রামের মানুষ প্রতিদিন এই সড়ক ব্যবহার করে উপজেলা সদর, শিক্ষাপ্রতিষ্ঠান, বাজার, স্বাস্থ্যকেন্দ্র ও বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে যাতায়াত করেন। পাশাপাশি এলাকার কৃষকদের উৎপাদিত ধান, মাছ, সবজি ও অন্যান্য কৃষিপণ্য বাজারজাতকরণের অন্যতম প্রধান মাধ্যমও এই সড়ক। কিন্তু দীর্ঘদিন ধরে প্রয়োজনীয় উন্নয়ন ও সংস্কার না হওয়ায় বর্ষা এলেই সড়কটি কাদায় একাকার হয়ে পড়ে। এতে মোটরসাইকেল, ভ্যান, অটোরিকশা এমনকি জরুরি যানবাহন চলাচলও প্রায় অসম্ভব হয়ে যায়।
স্থানীয়দের অভিযোগ, বছরের পর বছর জনপ্রতিনিধিদের কাছে দাবি জানানো হলেও এখনো দৃশ্যমান কোনো উন্নয়ন হয়নি। বর্ষাকালে শিক্ষার্থীরা কাদা মাড়িয়ে বিদ্যালয় ও মাদ্রাসায় যেতে বাধ্য হয়। অনেক সময় ছোট ছোট শিক্ষার্থীরা রাস্তায় পড়ে গিয়ে আহত হওয়ার ঘটনাও ঘটে। একইভাবে অসুস্থ রোগীকে হাসপাতালে নিতে গিয়ে চরম দুর্ভোগ পোহাতে হয়। অনেক সময় রোগীকে কাঁধে বা ভ্যানে করে কাদা মাড়িয়ে প্রধান সড়ক পর্যন্ত নিয়ে যেতে হয়, যা মানবিক দৃষ্টিকোণ থেকেও অত্যন্ত কষ্টকর।
এলাকাবাসীর মতে, সড়কটি পাকাকরণ করা হলে শুধু যোগাযোগ ব্যবস্থার উন্নয়নই হবে না, কৃষিপণ্য দ্রুত বাজারজাত করা সহজ হবে, পরিবহন ব্যয় কমবে, শিক্ষার্থীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত হবে এবং স্থানীয় ব্যবসা-বাণিজ্য ও সামগ্রিক আর্থ-সামাজিক উন্নয়নে নতুন গতি সৃষ্টি হবে। এছাড়া বর্ষা মৌসুমে বিচ্ছিন্নতার যে চিত্র তৈরি হয়, তারও স্থায়ী সমাধান হবে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রবীণ বাসিন্দা বলেন, “বিগত সময়ে শ্রীউলা ইউনিয়নে কাগজে-কলমে অনেক উন্নয়নের কথা বলা হয়েছে। অথচ জনগুরুত্বপূর্ণ অন্তত ছয়টি সড়কের প্রায় ৩৫ কিলোমিটার এখনো কাঁচা রয়েছে। বছরের পর বছর আমরা একই দুর্ভোগ সহ্য করছি। উন্নয়নের সুফল থেকে আমরা এখনো বঞ্চিত।”
শ্রীউলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী মাওলানা লুৎফর রহমান বলেন, “এটি শ্রীউলা ইউনিয়নের মানুষের দীর্ঘদিনের প্রাণের দাবি। এই সড়কের পাশে চারটি সরকারি প্রাথমিক বিদ্যালয়, একটি ফাজিল মাদ্রাসা, আটটি মসজিদ, তিনটি খেয়াঘাট এবং প্রায় ৫০ থেকে ৬০টি মুরগির খামার রয়েছে। প্রতিদিন হাজারো মানুষ এই সড়ক ব্যবহার করেন। জনস্বার্থের বিষয়টি বিবেচনায় নিয়ে অগ্রাধিকার ভিত্তিতে সড়কটি পাকাকরণের জন্য মাননীয় সংসদ সদস্যের কার্যকর উদ্যোগ প্রত্যাশা করছি।”
শ্রীউলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দীপঙ্কর বাছাড় দিপু বলেন, “সড়কটি পাকা হলে হাজারো মানুষের দীর্ঘদিনের দুর্ভোগের অবসান ঘটবে। জনগণের এই যৌক্তিক দাবির বাস্তবায়নে সংসদ সদস্য, এলজিইডি এবং সংশ্লিষ্ট সরকারি দপ্তরের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।”
এ বিষয়ে স্থানীয়দের পক্ষ থেকে জানানো হয়েছে, দীর্ঘদিন ধরে সড়কটি পাকাকরণের দাবি জানানো হলেও এখনো দৃশ্যমান কোনো অগ্রগতি হয়নি। তারা আশা করছেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।
এলাকাবাসীর বিশ্বাস, সংসদ সদস্য হাফেজ মুহাদ্দিস রবিউল বাশারের আন্তরিক উদ্যোগ এবং সরকারের সংশ্লিষ্ট দপ্তরের দ্রুত পদক্ষেপে বাশতলা ব্রিজ–ঘোলা খেয়াঘাট–ওয়াবদা হয়ে কাকড়াবুনিয়া জিপিএস পর্যন্ত ১২ কিলোমিটার সড়কটি পাকাকরণ করা সম্ভব হবে। এতে শ্রীউলা ইউনিয়নের দীর্ঘদিনের যোগাযোগ সংকট দূর হওয়ার পাশাপাশি শিক্ষা, কৃষি, ব্যবসা-বাণিজ্য ও স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আসবে এবং হাজারো মানুষের বহু বছরের দুর্ভোগের অবসান ঘটবে।