
মনিরুজ্জামান মিলন পাটোয়ারী,
নীলফামারী
বাংলাদেশ জামায়াতে ইসলামী নীলফামারী জেলা শাখার উদ্যোগে উপজেলা কর্মপরিষদ সদস্যদের অংশগ্রহণে দুই দিনব্যাপী শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে। ২৩ ও ২৪ জুলাই নীলফামারী জেলা কার্যালয়ের আল-হেলাল একাডেমি হলরুমে আয়োজিত এ শিক্ষা শিবির বৃহস্পতিবার (২৪ জুলাই) সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয়।
সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নীলফামারী জেলা আমীর ও নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার এমপি। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা তারবিয়াত সেক্রেটারি আনোয়ারুল ইসলাম, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সাবেক আমীর ও অঞ্চল টিম সদস্য আব্দুর রশিদ, অঞ্চল টিম সদস্য মাওলানা আব্দুল হাকিম, জেলা সেক্রেটারি মাওলানা আন্তাজুল ইসলাম, নীলফামারী-৩ (জলঢাকা) আসনের সংসদ সদস্য মাওলানা ওবায়দুল্লাহ সালাফি এমপি, নীলফামারী-৪ (কিশোরগঞ্জ-সৈয়দপুর) আসনের সংসদ সদস্য হাফেজ মুত্তাকিন বিল্লাহ এমপি, সদর থানা আমীর আবু হানিফা শাহ, জেলা কর্মপরিষদ সদস্য আব্দুল কাদিম, জেলা প্রচার ও মিডিয়া বিভাগের সম্পাদক প্রভাষক ছাদের হোসেন, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ও ভারপ্রাপ্ত অধ্যক্ষ মনিরুজ্জামান জুয়েল, এবং জেলা শিবির সভাপতি রেজাউল করিমসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।
এ সময় জেলা শাখার বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল, উপজেলা কর্মপরিষদ সদস্য এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, একটি আদর্শ, দক্ষ ও জনকল্যাণমুখী নেতৃত্ব গড়ে তুলতে নিয়মিত শিক্ষা, আত্মশুদ্ধি ও সাংগঠনিক প্রশিক্ষণের কোনো বিকল্প নেই। কুরআন-সুন্নাহর আদর্শে ব্যক্তি, পরিবার ও সমাজ গঠনের পাশাপাশি ন্যায়, ইনসাফ, সততা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমের চেতনায় উদ্বুদ্ধ হয়ে জনগণের সেবায় আত্মনিয়োগ করার আহ্বান জানান তারা। একই সঙ্গে সাংগঠনিক শৃঙ্খলা, ঐক্য ও দায়িত্বশীলতার মাধ্যমে সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করা হয়। প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের চেতনা ছিল বৈষম্য, দুর্নীতি, দুঃশাসন ও স্বৈরাচারমুক্ত বাংলাদেশ গড়ে তোলা। সেই আকাঙ্ক্ষা বাস্তবায়নে সৎ, দক্ষ, দেশপ্রেমিক ও আদর্শবান নেতৃত্ব গড়ে তোলার বিকল্প নেই। জুলাইয়ের আত্মত্যাগকে অর্থবহ করতে হলে ন্যায়বিচার, জবাবদিহিতা, সুশাসন এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। তিনি বলেন, জামায়াতে ইসলামী কথায় নয়, কাজে বিশ্বাস করে। তাই দেশের মানুষের কল্যাণ, নৈতিক সমাজ বিনির্মাণ এবং ইনসাফভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে প্রতিটি কর্মীকে আত্মশুদ্ধি, তাকওয়া, শৃঙ্খলা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। তিনি আরও বলেন, দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে কাজ করতে হবে। একটি বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত, মানবিক ও কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠায় জামায়াতে ইসলামীর প্রতিটি কর্মীকে জনগণের আস্থা ও ভালোবাসা অর্জনের মাধ্যমে অগ্রণী ভূমিকা রাখতে হবে। পরিশেষে সভাপতির বক্তব্যে জেলা আমীর ও নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার এমপি বলেন, দুই দিনব্যাপী শিক্ষা শিবিরে অর্জিত জ্ঞান, আদর্শ ও দিকনির্দেশনা ব্যক্তি জীবন, পারিবারিক জীবন এবং সাংগঠনিক কার্যক্রমে বাস্তবায়ন করতে হবে। জনগণের সুখে-দুঃখে পাশে থেকে সেবামূলক কর্মকাণ্ড আরও জোরদার করতে হবে। ঐক্য, শৃঙ্খলা, দায়িত্বশীলতা ও নিষ্ঠার মাধ্যমে একটি আদর্শ সমাজ ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি।
দুই দিনব্যাপী শিক্ষা শিবিরে সাংগঠনিক বিভিন্ন বিষয়, আদর্শিক চর্চা, নেতৃত্ব বিকাশ, দায়িত্বশীলতা, দাওয়াতি কার্যক্রম, রাষ্ট্রচিন্তা এবং সমসাময়িক জাতীয় ইস্যু নিয়ে দিকনির্দেশনা মূলক আলোচনা অনুষ্ঠিত হয়। অংশগ্রহণকারীরা এ ধরনের শিক্ষা শিবিরকে নিজেদের আদর্শিক ও সাংগঠনিক দক্ষতা বৃদ্ধিতে অত্যন্ত কার্যকর বলে অভিমত ব্যক্ত করেন।