বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সালথায় যুবলীগ ও ছাত্রলীগের হরতাল ও নৈরাজ্যের বিরুদ্ধে শ্রমিক দলের প্রতিবাদ মিছিল পার্বতীপুরে সততা ইলেকট্রনিক্সের লাকী কুপনে মানুষের ঢল রাজশাহী রেঞ্জের ডিআইজির সঙ্গে এসআরবি-৫ অধিনায়কের সৌজন্য সাক্ষাৎ নওগাঁয় পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ আওয়ামী লীগের ১০ নেতাকর্মী গ্রেপ্তার রাজবাড়ীর অর্ণব ফার্টিলাইজার-এর বিরুদ্ধে পরিবেশ দূষণ, অবৈধ মানহীন জৈব সার উৎপাদনের অভিযোগে কারখানা পরিদর্শন তদন্ত কমিটি গঠন ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে চার মামলার চার আসামি গ্রেপ্তার ব্রাহ্মণপাড়ায় ভারতীয় নাগরিক গ্রেপ্তার, চোরাকারবারি চক্রের হোতা বলে দাবি পুলিশের নওগাঁর ধামইরহাটে মাদ্রাসার ভবনের ছাদ ঢালাই উদ্বোধন, তাৎক্ষণিক এক লাখ টাকা অনুদান দিলেন রুহুল আমিন আওয়ামী লীগ-ছাত্রলীগের ধর্মঘটের বিরুদ্ধে সালথায় যুবদল- ছাত্রদলের মোটরসাইকেল শোডাউন নিয়ামতপুরে সাংবাদিকের বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে মিথ্যা মামলা, নিয়ামতপুর উপজেলা প্রেসক্লাবের তীব্র প্রতিবাদ

তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী

  • আপডেট সময় : রবিবার, ২৬ জুলাই, ২০২৬
  • ৯৮ বার পঠিত

দীর্ঘদিন অনুপস্থিত চিকিৎসককে স্ট্যান্ড রিলিজ ও এসি চুরির ঘটনায় নাইট গার্ডসহ জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ

শাহেদ আহমেদ,
সাতক্ষীরা :

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন (বকুল) শনিবার (২৬ জুলাই) সকালে সাতক্ষীরার তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শন করে হাসপাতালের সার্বিক চিকিৎসাসেবা, অবকাঠামো, পরিচ্ছন্নতা এবং প্রশাসনিক কার্যক্রমের খোঁজখবর নেন। সকাল সাড়ে ১০টার দিকে তিনি হাসপাতাল প্রাঙ্গণে পৌঁছে একে একে বিভিন্ন ওয়ার্ড, জরুরি বিভাগ, ওষুধের স্টোর, অপারেশন থিয়েটার (ওটি), অফিস কক্ষ, চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীদের হাজিরা খাতা এবং হাসপাতালের বিভিন্ন সেবা কার্যক্রম পরিদর্শন করেন।

পরিদর্শনের একপর্যায়ে স্বাস্থ্যমন্ত্রী হাসপাতালের রান্নাঘরে প্রবেশ করে রোগীদের জন্য প্রস্তুত করা খাবারের মান নিজেই পরীক্ষা করেন। তিনি রান্না করা খাবার মুখে দিয়ে এর গুণগত মান যাচাই করেন এবং রোগীদের জন্য স্বাস্থ্যসম্মত ও পুষ্টিকর খাবার সরবরাহ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। পরে তিনি বিভিন্ন ওয়ার্ডে চিকিৎসাধীন রোগীদের শয্যার পাশে গিয়ে তাদের সঙ্গে কথা বলেন এবং চিকিৎসাসেবা, ওষুধের প্রাপ্যতা, চিকিৎসকদের উপস্থিতি, নার্সিং সেবা এবং হাসপাতালের সামগ্রিক পরিবেশ সম্পর্কে তাদের মতামত শোনেন। রোগীদের অভিযোগ ও পরামর্শ মনোযোগ দিয়ে শুনে সংশ্লিষ্ট কর্মকর্তাদের তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।

এরপর তিনি হাসপাতাল চত্বর, পুকুর, ওয়াশরুম এবং চলমান সংস্কারকাজ পরিদর্শন করেন। এ সময় উপস্থিত বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় করে হাসপাতালের সেবার মান, বিদ্যমান সমস্যা, জনবল সংকট, অবকাঠামোগত সীমাবদ্ধতা এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা নিয়ে আলোচনা করেন।

পরিদর্শন শেষে স্বাস্থ্যমন্ত্রী হাসপাতালের সার্বিক সেবার মান আরও উন্নত করতে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। দীর্ঘদিন ধরে কর্মস্থলে অনুপস্থিত থাকা মেডিকেল অফিসার ডা. শাওলী নানজিবা তন্নির বিরুদ্ধে অসন্তোষ প্রকাশ করে তাকে স্বাস্থ্য অধিদপ্তরের মাধ্যমে স্ট্যান্ড রিলিজ করার জন্য স্বাস্থ্য মহাপরিচালককে নির্দেশ দেন। একই সঙ্গে হাসপাতালের শীতাতপ নিয়ন্ত্রণ (এসি) যন্ত্র চুরির ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। বিশেষ করে দায়িত্বে অবহেলার অভিযোগে নাইট গার্ড মোস্তফা বিশ্বাসের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রদান করেন।

মন্ত্রী হাসপাতালের ওয়াশরুমসহ চলমান সংস্কার ও উন্নয়নকাজ দ্রুত সম্পন্ন করার তাগিদ দিয়ে বলেন, জনগণের করের টাকায় পরিচালিত হাসপাতালে কোনো ধরনের অবহেলা বা অনিয়ম বরদাশত করা হবে না। রোগীরা যাতে পরিচ্ছন্ন, নিরাপদ ও মানসম্মত পরিবেশে চিকিৎসাসেবা পান, সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানান।

পরিদর্শনের সময় ১৪ নভেম্বর ২০১৭ সালে নিয়োগপ্রাপ্ত আউটসোর্সিং কর্মচারী শফিকুল ইসলাম, হালিমা ও দেবায়নের পক্ষ থেকে জানানো হয়, তারা ১৯ মে ২০১৯ সালের পর থেকে কোনো বেতন পাননি। বিষয়টি শুনে স্বাস্থ্যমন্ত্রী বিস্ময় প্রকাশ করেন এবং সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে কথা বলে দ্রুত সমস্যার সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।

এছাড়া উপজেলার কমিউনিটি ক্লিনিক ও ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রগুলোতে প্রয়োজনীয় চিকিৎসাসেবা, ওষুধ সরবরাহ এবং জনবল নিশ্চিত করতে তিনি সিভিল সার্জনকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।

পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশের স্বাস্থ্যসেবা ব্যবস্থাকে আরও শক্তিশালী ও জনবান্ধব করতে সরকার ধারাবাহিকভাবে কাজ করছে। চিকিৎসক সংকট নিরসনে জরুরি ভিত্তিতে নতুন চিকিৎসক নিয়োগের কার্যক্রম চলমান রয়েছে। পাশাপাশি এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের প্রক্রিয়াও শুরু হয়েছে, যা দেশের প্রাথমিক স্বাস্থ্যসেবার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি আরও জানান, তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০১ শয্যাবিশিষ্ট হাসপাতালে উন্নীত করার প্রকল্পের কাজ খুব শিগগিরই শুরু হবে। এ লক্ষ্যে অল্প সময়ের মধ্যেই প্রকৌশলীরা সয়েল টেস্টের কাজ শুরু করবেন। প্রকল্পের আওতায় হাসপাতালটিতে ৭ থেকে ৮ তলাবিশিষ্ট একটি আধুনিক ভবন নির্মাণ করা হবে। নতুন ভবনে পুরুষ ও নারীদের জন্য পৃথক ডায়ালাইসিস সেন্টার, আধুনিক ফিজিওথেরাপি সেন্টার, মাতৃদুগ্ধ কর্নার (ব্রেস্ট ফিডিং কর্নার), ট্রমা সেন্টার, আধুনিক প্যাথলজি সেন্টার এবং অন্যান্য বিশেষায়িত স্বাস্থ্যসেবা চালু করা হবে। এতে তালাসহ আশপাশের উপজেলার মানুষ উন্নত চিকিৎসাসেবা নিজ এলাকায়ই গ্রহণের সুযোগ পাবেন।

পরিদর্শন শেষে সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য ইজ্জত উল্লাহ টেলিফোনে স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে উপজেলার স্বাস্থ্যসেবার বিভিন্ন বিষয় তুলে ধরেন।

এ সময় উপস্থিত ছিলেন তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল আফরোজ স্বর্ণা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মিজানুর রহমান, স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন গণমাধ্যমকর্মী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং সুশীল সমাজের প্রতিনিধিরা

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park