
ঠাকুরগাঁও প্রতিনিধি :
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, শুধু আইন প্রয়োগ কিংবা শাস্তির মাধ্যমে মাদক নির্মূল করা সম্ভব নয়। এ জন্য সমাজের সর্বস্তরের মানুষকে সম্পৃক্ত করে মাদকের বিরুদ্ধে শক্তিশালী সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।
মঙ্গলবার ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কার্যালয়ে মাদকের অপব্যবহার রোধ, জনসচেতনতা বৃদ্ধি এবং সামাজিক প্রতিরোধ গড়ে তোলার লক্ষ্যে আয়োজিত মাদকবিরোধী সচেতনতামূলক সভা শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, “আমরা মাদকবিরোধী অভিযান শুরু করেছি। আমাদের লক্ষ্য সবাইকে সঙ্গে নিয়ে এ কার্যক্রমকে একটি সামাজিক আন্দোলনে পরিণত করা। শুধু আইন করে কিংবা শাস্তি দিয়ে মাদক নির্মূল করা সম্ভব নয়।”
তিনি বলেন, ঠাকুরগাঁওয়ে যে পদক্ষেপগুলো নেওয়া হয়েছে, সেগুলোর ইতিবাচক ফল পাওয়া যাবে বলে তিনি আশাবাদী। এ ক্ষেত্রে প্রশাসনের পাশাপাশি শিক্ষক, অভিভাবক, জনপ্রতিনিধি, সামাজিক সংগঠন ও সাধারণ জনগণকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
মন্ত্রী আরও বলেন, “সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো জনসচেতনতা সৃষ্টি। মানুষকে বারবার জানাতে হবে, মাদক একটি ভয়াবহ সামাজিক ব্যাধি। এর ক্ষতিকর প্রভাব সম্পর্কে ব্যাপক প্রচার-প্রচারণার মাধ্যমে সবাইকে সচেতন করতে হবে।”
তিনি বলেন, সমাজের প্রতিটি স্তরে মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতনতা বাড়ানো গেলে তরুণ প্রজন্মকে এই অভিশাপ থেকে রক্ষা করা সম্ভব হবে এবং একটি সুস্থ, নিরাপদ ও মাদকমুক্ত সমাজ গড়ে তোলা সহজ হবে।
এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক, পুলিশ সুপার মো. বেলাল হোসেন, জেলা বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র মির্জা ফয়সল আমীন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. পয়গাম আলী, জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ মাদক নিয়ন্ত্রণ কার্যক্রম সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।