
মোঃ আব্দুল আজিজ শেখ নওগাঁঃ
নওগাঁর নিয়ামতপুরে‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৫ আগস্ট) উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ সভাকক্ষে এ আলোচনা সভার আয়োজন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪৬ নওগাঁ-১ (নিয়ামতপুর, পোরশা ও সাপাহার) আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান।
সভায় সভাপতিত্ব করেন নিয়ামতপুর উপজেলা নির্বাহী অফিসার মুর্শিদা খাতুন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নিয়ামতপুর উপজেলা সহকারী কমিশনার ভূমি রেজাউল করিম, নিয়ামতপুর থানা অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ফয়সাল নাহিদ পবিত্র।
আলোচনা সভায় বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের তাৎপর্য, গণতন্ত্র প্রতিষ্ঠা, জনগণের অধিকার রক্ষা এবং দেশ গঠনে জাতীয় ঐক্যের গুরুত্ব তুলে ধরেন। তাঁরা বলেন, জুলাই গণঅভ্যুত্থান দেশের গণতান্ত্রিক অভিযাত্রায় একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এ দিবসের চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, রাজনৈতিক ব্যক্তিত্ব, সাংবাদিক, মুক্তিযোদ্ধা, সুধীজন ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানের শুরুতে জুলাই গণঅভ্যুত্থানে আত্মত্যাগকারী শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয় । পরে তাঁদের আত্মার মাগফিরাত এবং দেশের শান্তি, সমৃদ্ধি ও উন্নতি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে উপজেলা প্রশাসন, নিয়ামতপুরে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। এর অংশ হিসেবে আলোচনা সভার মাধ্যমে দিবসটির ঐতিহাসিক গুরুত্ব ও তাৎপর্য জনসাধারণের সামনে তুলে ধরা হয়।