
আ:ওহাব সরকার
বগুড়া জেলা
বগুড়ার শেরপুর উপজেলার মির্জাপুর ইউনিয়নের দড়িমুকুন্দ মধ্যপাড়ায় পানিতে ডুবে সিয়াম (২) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বুধবার (৬ আগস্ট) বিকেল আনুমানিক ৪টার দিকে বাড়ির পাশের একটি ডোবায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সিয়াম স্থানীয় দড়িমুকুন্দ মধ্যপাড়ার বাসিন্দা মো. জনির একমাত্র ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সিয়াম বাড়ির পাশেই অন্যান্য শিশুদের সঙ্গে খেলাধুলা করছিল। এ সময় পরিবারের সদস্যরা নিজ নিজ কাজে ব্যস্ত ছিলেন। একপর্যায়ে সবার অগোচরে সে বাড়ির পাশের ডোবার দিকে চলে যায়। দীর্ঘ সময় তাকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন।
প্রায় এক ঘণ্টা অনুসন্ধানের পর ডোবার পাশে সিয়ামকে ভাসমান অবস্থায় দেখতে পান স্বজনরা। পরে স্থানীয়দের সহায়তায় তাকে দ্রুত উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দুই বছরের নিষ্পাপ শিশুর এমন আকস্মিক মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। এ ঘটনায় দড়িমুকুন্দ এলাকার বাসিন্দাদের মধ্যেও গভীর শোক ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।