বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বাস-কনটেইনারের ভয়াবহ সংঘর্ষে পথচারীর মর্মান্তিক মৃত্যু ঝিনাইদহে শেখ হাসিনাসহ ৫২ জনের বিরুদ্ধে মামলা, ১৮ লাঠি জব্দ ন‌ওগাঁর নিয়ামতপুরে পুকুর থেকে হরেকমাল ব্যবসায়ীর মরদেহ উদ্ধার কুমিল্লা দাউদকান্দিতে নিরাপদ সড়ক দিবস উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় ২২ ভারতীয় বিয়ার ক্যান উদ্ধার, গ্রেপ্তার ১ ভাঙ্গুড়ায় বিএনপির কাউন্সিল নির্বাচন ঘিরে হামলা-ভাঙচুরের অভিযোগ | ১,২৬৮ লিটার দুধ নষ্ট, ড্রাম কাটার দাবি নবম জাতীয় বেতন স্কেল অনুমোদন: নজরুল বিশ্ববিদ্যালয়ে কর্মচারীদের আনন্দ র‍্যালি ঠাকুরগাঁও-১: নম্র চৌধুরীকে ঘিরে রয়েছে মনোনয়নের জোর গুঞ্জন গোপালগঞ্জে ক্রেডিট ইউনিয়নের কোটি টাকা নিয়ে কর্মচারী উধাও পল্লী বিদ্যুতের খুঁটি বসানো নিয়ে বিরোধ রাজবাড়ীতে বাড়ীর প্রবেশপথে বাঁশের বেড়া হাটুপানি দিয়ে ৪টি পরিবারের চলাচল

ময়মনসিংহ বিভাগে বিকেএসপি স্থাপনের উদ্যোগ: হালুয়াঘাট ও ধোবাউড়ার সম্ভাব্য স্থান পরিদর্শন করলেন ক্রীড়া সচিব

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬
  • ১৬০ বার পঠিত

এম,এ মালেক,
হালুয়াঘাট (ময়মনসিংহ):

ময়মনসিংহ বিভাগে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) স্থাপনের উদ্যোগের অংশ হিসেবে হালুয়াঘাট ও ধোবাউড়া উপজেলার বিভিন্ন সম্ভাব্য স্থান সরেজমিনে পরিদর্শন করেছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. মাহবুব-উল-আলম।

বৃহস্পতিবার ৬ আগষ্ট দিনব্যাপী পরিদর্শনে সচিবের সঙ্গে ছিলেন বিকেএসপির পরিচালক (সাধারণ) ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইফ উল্লাহ এবং বিকেএসপির পরিচালক (প্রশিক্ষণ) কর্নেল মো. গোলাম মাবুদ হাসান, পিএসসি, হালুয়াঘাট-ধোবাউড়ার সংসদ সদস্য মোহাম্মদ সালমান ওমর রুবেল।

পরিদর্শনকালে প্রতিনিধি দল হালুয়াঘাট ও ধোবাউড়ার বিভিন্ন এলাকা ঘুরে দেখেন। বিকেএসপির নতুন শাখা স্থাপনের জন্য সম্ভাব্য স্থানগুলোর পরিবেশ, যোগাযোগব্যবস্থা, অবকাঠামোগত সুযোগ-সুবিধা, ক্রীড়া প্রশিক্ষণের উপযোগিতা ও অন্যান্য বিষয় তাঁরা পর্যবেক্ষণ করেন।

এ সময় সংশ্লিষ্টদের সঙ্গে সম্ভাব্য স্থান নিয়ে আলোচনা করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ও বিকেএসপির কর্মকর্তারা। একটি পূর্ণাঙ্গ ক্রীড়া প্রশিক্ষণকেন্দ্র গড়ে তোলার জন্য প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করার বিষয়েও তাঁরা গুরুত্ব দেন।

পরে বিকেলে প্রতিনিধি দলটি ধোবাউড়ার ঐতিহ্যবাহী কলসিন্দুর সরকারি উচ্চবিদ্যালয় ও কলেজ পরিদর্শন করে। সেখানে তাঁরা প্রতিষ্ঠানের নারী ফুটবলারসহ সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করেন। শিক্ষার্থীদের বিভিন্ন সুযোগ-সুবিধা ও সমস্যার কথাও তাঁরা মনোযোগ দিয়ে শোনেন।

স্থানীয় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. মাহবুব-উল-আলম বলেন, ময়মনসিংহ বিভাগে বিকেএসপির কার্যক্রম চালুর মাধ্যমে এ অঞ্চলের ক্রীড়ার মানোন্নয়ন এবং তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান তরুণ ক্রীড়াবিদ তুলে আনা সরকারের গুরুত্বপূর্ণ পরিকল্পনা।

তিনি বলেন, সম্ভাব্য স্থানগুলো যাচাই-বাছাই করে দ্রুততম সময়ের মধ্যে উপযুক্ত স্থান নির্বাচন করা হবে। এরপর এ বিষয়ে প্রয়োজনীয় পরবর্তী কার্যক্রম এগিয়ে নেওয়া হবে।

পরিদর্শন শেষে স্থানীয় সংসদ সদস্য মোহাম্মদ সালমান ওমর রুবেল সাংবাদিকদের বলেন,
​”হালুয়াঘাট ও ধোবাউড়া অঞ্চলের মাটি ও মানুষের সঙ্গে খেলাধুলা ওতপ্রোতভাবে জড়িত। বিশেষ করে ধোবাউড়ার কলসিন্দুরের মেয়েরা দেশের ফুটবলে বিপ্লব ঘটিয়েছে। কিন্তু সুযোগের অভাবে আমাদের অনেক প্রতিভাবান তরুণ-তরুণী হারিয়ে যায়। ময়মনসিংহ বিভাগে বিকেএসপি প্রতিষ্ঠিত হলে এই অঞ্চলের খেলাধুলার মান বহুগুণ বেড়ে যাবে এবং তৃণমূল থেকে বিশ্বমানের খেলোয়াড় তৈরি হবে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং বিকেএসপির ঊর্ধ্বতন কর্মকর্তাদের এই উদ্যোগকে আমি সাধুবাদ জানাই। এই প্রকল্প বাস্তবায়নে আমার পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা থাকবে, যাতে দ্রুততম সময়ের মধ্যে আমাদের এলাকার সন্তানরা আধুনিক ক্রীড়া প্রশিক্ষণের সুযোগ পায়।”

হালুয়াঘাট ও ধোবাউড়ায় বিকেএসপির সম্ভাব্য স্থান পরিদর্শনের খবর স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যে আশাবাদ তৈরি করেছে। তাঁদের প্রত্যাশা, ময়মনসিংহ বিভাগে বিকেএসপির কার্যক্রম চালু হলে এ অঞ্চলের সম্ভাবনাময় তরুণ-তরুণীদের আধুনিক প্রশিক্ষণের সুযোগ বাড়বে এবং জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে আরও দক্ষ ক্রীড়াবিদ তৈরি হবে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park