
মোঃ দেলোয়ার হোসেন শিমুল,
নওগাঁ জেলা প্রতিনিধি:
নওগাঁর সাপাহারে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সাবেক চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৫ আগস্ট) বিকেল সাড়ে ৫টায় সাপাহার উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানের শুরুতে বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন, দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে তাঁর ভূমিকা নিয়ে সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়। এতে বক্তারা বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সার্বিক মঙ্গল কামনা করেন। একই সঙ্গে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাপাহার উপজেলা বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী (বেনু)। সভা পরিচালনা ও সার্বিক ব্যবস্থাপনায় উপজেলা বিএনপির নেতৃবৃন্দসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা দায়িত্ব পালন করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সারোয়ার জাহান চৌধুরী (লাবু), সহ-সভাপতি মিজানুর রহমান শাহ চৌধুরী, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বদিউজ্জামান স্বপন, দপ্তর সম্পাদক রবিউল ইসলাম চৌধুরী (রবি), অন্যতম সদস্য মোখলেসুর রহমান (মুকুল) ও মাহফুজুল হক চৌধুরী (বাবু)।
এছাড়াও উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোতাহার হোসেন, সদস্য সচিব সাদ্দাম হোসেন, যুবদলের যুগ্ম আহ্বায়ক আকতার হোসেন, যুগ্ম আহ্বায়ক মুরাদ শাহ চৌধুরী, ছাত্রদলের আহ্বায়ক সোহেল রানা, সদস্য সচিব হাসান আলী, সাপাহার কলেজ ছাত্রদলের সভাপতি ওলিউল ইসলাম নাইমসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাতে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি, মানুষের কল্যাণ এবং বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সার্বিক মঙ্গল কামনা করা হয়।
এ সময় নেতাকর্মীরা পারস্পরিক সৌহার্দ্য ও ঐক্য বজায় রেখে দলের সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন। পরে উপস্থিত নেতাকর্মী ও অতিথিদের মধ্যে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজনের অংশ হিসেবে খাবার বিতরণ করা হয়।