
মোঃ দেলোয়ার হোসেন শিমুল,
নওগাঁ জেলা প্রতিনিধি:
“রূপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ”—এই স্লোগানকে সামনে রেখে নওগাঁর সাপাহারে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, মাছের পোনা অবমুক্ত ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৬ আগস্ট) উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অফিসের উদ্যোগে সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।
পরে উপজেলা পরিষদ পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়। এরপর বেলা ১১টায় উপজেলা পরিষদ হলরুমে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রোমানা রিয়াজ।
সভায় বক্তব্য দেন উপজেলা মৎস্য অফিসার শামিম রেজা, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মনিরুজ্জামান টকি, বিআরডিবি অফিসার আলমগীর হোসেন, সাপাহার থানার ইন্সপেক্টর (তদন্ত) এসএম নাজমুল হুদা, উপজেলা বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী (বেনু), সাধারণ সম্পাদক সারোয়ার জাহান চৌধুরী (লাবু), সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম, মৎস্যজীবী দলের সভাপতি মাহমুদুল হাসান এবং সাপাহার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও সাংবাদিক বাবুল আকতার প্রমুখ।
বক্তারা বলেন, দেশের অর্থনীতি ও মানুষের পুষ্টি চাহিদা পূরণে মৎস্য খাতের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। মৎস্য সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা, সংরক্ষণ এবং আধুনিক প্রযুক্তির মাধ্যমে মাছের উৎপাদন বাড়াতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। পাশাপাশি দেশীয় মাছের প্রজনন ও জলাশয়ের জীববৈচিত্র্য রক্ষায় সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা-কর্মচারী, মৎস্যজীবী, মৎস্যচাষি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিকসহ সংশ্লিষ্ট বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬ আগামী ১৬ আগস্ট থেকে ৩০ আগস্ট পর্যন্ত সারাদেশে পালিত হবে। এ উপলক্ষে মৎস্য সম্পদ সংরক্ষণ, মাছের উৎপাদন বৃদ্ধি, মৎস্যচাষে জনগণকে উৎসাহিত করা এবং মৎস্য খাতের উন্নয়নে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।