
মোঃ আব্দুল আজিজ শেখ, নওগাঁঃ
নওগাঁর নিয়ামতপুরে ‘দীর্ঘ জীবন, নতুন ভাবনা’ প্রতিপাদ্যে ৩৬তম আন্তর্জাতিক প্রবীণ দিবস-২০২৬ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল ১১:০০টায় উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে দিবসটি উপলক্ষে একটি র্যালি বের করা হয়।
র্যালিটি উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় থেকে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা নির্বাহী অফিসারের মূল ফটকের সামনে এসে শেষ হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুর্শিদা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় সঞ্চালনা করেন উপজেলা সমাজসেবা অফিসার মোয়াজ্জেম হোসেন।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার রফিকুল ইসলাম, নিয়ামতপুর থানার অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার তরিকুল ইসলাম, উপজেলা মৎস্য অফিসার শরিফউল আলম, বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের প্রকৌশলী তারেক আজিজ, উপজেলা বিআরডিবি কর্মকর্তা নূরনবী, নিয়ামতপুর উপজেলা মডেল প্রেসক্লাবের সভাপতি আব্দুল আজিজ শেখ, সিনিয়র সাংবাদিক নুরুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গরা।
আলোচনা সভায় বক্তারা প্রবীণদের পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রীয় জীবনে অবদানের কথা তুলে ধরেন। একই সঙ্গে প্রবীণদের মর্যাদা, নিরাপত্তা, স্বাস্থ্যসেবা ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী, প্রবীণ ব্যক্তি এবং সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।