
মো: রিয়াজ
স্টাফ রিপোর্টার:
ঢাকার কেরানীগঞ্জের গদারবাগ এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সিলগালা করা একটি নকল সার কারখানার সিলগালা খুলে জব্দকৃত মালামাল ধ্বংস করা হয়েছে।
রোববার (৪ অক্টোবর ২০২৬) কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নির্দেশে উপজেলা কৃষি কর্মকর্তা মহুয়া শারমিন মুনমুন সিলগালাকৃত কারখানাটির সিলগালা খুলে জব্দ করা মালামাল ধ্বংস করেন।
এ সময় উপজেলা কৃষি বিভাগের উপ-সহকারী কৃষি কর্মকর্তা এস. এম. সাইফ-উর-রহমান এবং এনএসআই কর্মকর্তা মোশারফ উপস্থিত ছিলেন।
জানা যায়, এর আগে গত ৯ সেপ্টেম্বর ২০২৬ কেরানীগঞ্জের গদারবাগ এলাকায় নকল সার তৈরির অভিযোগে ওই কারখানায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন কেরানীগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) সাইফুল ইসলাম। অভিযানে কারখানার মালিক জামালকে ১ লাখ টাকা জরিমানা করা হয় এবং কারখানাটি সিলগালা করে দেওয়া হয়।
পরবর্তীতে জব্দ করা মালামাল বিধি অনুযায়ী ধ্বংসের উদ্যোগ নেওয়া হয়। এরই ধারাবাহিকতায় রোববার উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তাদের উপস্থিতিতে সিলগালা খুলে জব্দকৃত মালামাল ধ্বংস করা হয়।
কর্তৃপক্ষের এমন কার্যক্রমের ফলে নকল সার উৎপাদন ও বাজারজাতকরণের বিরুদ্ধে প্রশাসনের নজরদারি ও আইনগত ব্যবস্থা অব্যাহত থাকার বিষয়টি আবারও সামনে এসেছে।
স্থানীয়দের মতে, কৃষকদের স্বার্থ রক্ষা এবং নকল ও ভেজাল সার প্রতিরোধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা প্রয়োজন।