
মোঃ সুজন আহমেদ
সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি
চুরি-ডাকাতি, গরু চুরি, মাদক ও জুয়ার বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতিতে মাঠে রয়েছে সিরাজগঞ্জ জেলা পুলিশ। অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করতে রাতের আঁধারেও বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে নজরদারি ও নিরাপত্তা কার্যক্রম জোরদার করা হয়েছে।
এরই ধারাবাহিকতায় রবিবার দিবাগত রাতে সিরাজগঞ্জের সলঙ্গা থানার রামকৃষ্ণপুর ইউনিয়নের সুতাহাটি বাজার ও চারাবটলাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে স্থাপিত বাঁশকল (চেকপোস্ট) ডিউটি পরিদর্শন করেন সিরাজগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম সান্তু।
এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন রায়গঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম খান, সলঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) আসলাম আলী, অন্যান্য ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা, দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্য, নিরাপত্তাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সচেতন নাগরিকরা।
পরিদর্শনকালে পুলিশ সুপার বাঁশকল ডিউটিতে নিয়োজিত সদস্যদের দায়িত্ব পালনে আরও কার্যকর ও নিরাপদভাবে সহায়তা করার লক্ষ্যে তাঁদের মধ্যে টর্চলাইট ও বাঁশি বিতরণ করেন। পাশাপাশি তিনি দায়িত্বপ্রাপ্ত সদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন এবং অপরাধ প্রতিরোধে সর্বোচ্চ সতর্কতা বজায় রাখার আহ্বান জানান।
জেলা পুলিশের এ উদ্যোগের মাধ্যমে চুরি-ডাকাতি, গরু চুরি, মাদক ও জুয়ার মতো অপরাধ দমনে মাঠপর্যায়ে নজরদারি আরও জোরদার হবে বলে আশা করা হচ্ছে। একই সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ ও জনগণের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়।
নিরাপদ সলঙ্গা গড়ে তুলতে জেলা পুলিশের এমন তৎপরতা ও দায়িত্বশীল ভূমিকা প্রশংসনীয়। জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ ও জনগণের সম্মিলিত প্রচেষ্টাই পারে একটি শান্তিপূর্ণ, নিরাপদ ও অপরাধমুক্ত সমাজ গড়ে তুলতে।