
মোঃ দেলোয়ার হোসেন শিমুল,
নওগাঁ জেলা প্রতিনিধি:
নওগাঁর নিয়ামতপুরে হেরোইন উদ্ধারের ঘটনায় দায়ের করা মাদক মামলায় দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ১০ হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে। জরিমানার টাকা পরিশোধে ব্যর্থ হলে তাদের আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
সোমবার (৫ অক্টোবর) দুপুরে নওগাঁর অতিরিক্ত জেলা ও দায়রা জজ তৃতীয় আদালত এবং স্পেশাল ট্রাইব্যুনাল-৪-এর বিচারক সুকান্ত শাহা এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন নিয়ামতপুর উপজেলার কৃষ্ণপুর গ্রামের হাতেম আলীর ছেলে মো. হারুন (৪২) এবং একই উপজেলার সন্তোষপাড়া গ্রামের নাজিরের ছেলে টুয়েল (৪৫)। রায় ঘোষণার সময় হারুন আদালতে উপস্থিত ছিলেন। অপর আসামি টুয়েল বর্তমানে পলাতক রয়েছেন।
মামলার নথি ও এজাহার সূত্রে জানা যায়, ২০১৪ সালের ২৬ অক্টোবর নিয়ামতপুর থানা পুলিশ গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে, দুই ব্যক্তি হেরোইন নিয়ে ছাতড়া বাজার এলাকায় অবস্থান করছেন। বিষয়টি জানতে পেরে পুলিশ সেখানে অভিযান পরিচালনা করে।
অভিযানের একপর্যায়ে পুলিশ একটি মোটরসাইকেল আসতে দেখে সেটিকে থামার সংকেত দেয়। মোটরসাইকেলে থাকা দুই ব্যক্তি পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। পরে পুলিশ তাদের আটক করতে সক্ষম হয়।
আটকের পর ঘটনাস্থলে উপস্থিত সাক্ষীদের সামনে তাদের দেহ তল্লাশি করা হয়। এ সময় টুয়েলের কাছ থেকে ৬০ গ্রাম এবং হারুনের কাছ থেকে ৪০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। পুলিশ ওই সময় উদ্ধার করা হেরোইনের আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৫০ হাজার টাকা বলে উল্লেখ করে।
এ ছাড়া মাদক পরিবহনে ব্যবহৃত লাল রঙের ১৫০ সিসির একটি পালসার মোটরসাইকেল জব্দ করা হয়। ঘটনার পর তাদের গ্রেপ্তার করে নিয়ামতপুর থানা পুলিশ। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ১৯৯০-এর ১৯ ধারায় মামলা দায়ের করা হয়।
পরে মামলাটির তদন্ত কার্যক্রম শেষে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। বিচারিক প্রক্রিয়ায় মামলার তিনজন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়। সাক্ষ্য-প্রমাণ ও মামলার নথিপত্র পর্যালোচনা শেষে আদালত সোমবার দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি অর্থদণ্ডের আদেশ দেন।
মামলায় রাষ্ট্রপক্ষের হয়ে শুনানি করেন নওগাঁর অতিরিক্ত জেলা ও দায়রা জজ তৃতীয় আদালত এবং স্পেশাল ট্রাইব্যুনাল-৪-এর পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট শওকত ইলিয়াস কবির। আসামিপক্ষে রাষ্ট্র কর্তৃক নিযুক্ত আইনজীবী হিসেবে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট এস এম জুবায়ের।
রায় ঘোষণার পর রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট শওকত ইলিয়াস কবির বলেন, মাদক মামলায় যাবজ্জীবন কারাদণ্ডের এই রায় একটি নজির। আদালতের দেওয়া রায়ে রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট।
অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট এস এম জুবায়ের বলেন, আসামিরা ঘটনার সঙ্গে সরাসরি জড়িত ছিলেন এমন তথ্য-প্রমাণ না থাকা সত্ত্বেও আদালত রায় ঘোষণা করেছেন। এ রায়ে আমরা সংক্ষুব্ধ এবং পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে।