
বিশেষ প্রতিনিধি:
টাঙ্গাইলের দেলদুয়ারে প্রায় আট মাস পর এক নাবালিকাকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। প্রশাসন ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত জাতীয় ভিত্তিক স্বেচ্ছাসেবী ও মানবাধিকার সংস্থা Victory for Aid Rights & Development Society (VARDS)-এর যৌথ উদ্যোগে সোমবার (৫ অক্টোবর) তাকে উদ্ধার করা হয়।
জানা গেছে, প্রায় আট মাস আগে ঢাকার কেরানীগঞ্জ থেকে ওই নাবালিকা দেলদুয়ারের এক নাবালক ছেলের সঙ্গে চলে যায়। এরপর থেকে তার পরিবারের সদস্যরা উদ্বিগ্ন ছিলেন। সম্প্রতি নাবালিকাটি গোপনে পরিবারের সঙ্গে যোগাযোগ করে বাড়ি ফিরে যাওয়ার ইচ্ছা প্রকাশ করলে বিষয়টি VARDS-এর নজরে আসে।
পরে VARDS বিষয়টি প্রশাসনকে অবহিত করে। দেলদুয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জোহরা সুলতানা যুথির দিকনির্দেশনায় এবং উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা দেওয়ান খায়রুন নাহারের সহযোগিতায় নাবালিকাকে উদ্ধার করা হয়।
উদ্ধারের পর ইউএনওর উপস্থিতিতে তাঁর কার্যালয় থেকে নাবালিকাটিকে পরিবারের সদস্যদের কাছে বুঝিয়ে দেওয়া হয়। দীর্ঘ আট মাস পর মেয়েকে ফিরে পেয়ে স্বস্তি প্রকাশ করেন পরিবারের সদস্যরা।
উদ্ধার কার্যক্রমে VARDS-এর চেয়ারম্যান এম. এস. এ. রেজার সার্বিক তত্ত্বাবধান এবং মহাসচিব শহিদুল ইসলামের সহযোগিতা ছিল। এ সময় সংগঠনের ভাইস চেয়ারম্যান মো. আশিক মন্ডল, যুগ্ম সম্পাদক সোহাগ হাসান, মো. রিয়াজ, কার্যকরী সদস্য আকাশ মাদবর এবং সদস্য মো. হাফিজ উপস্থিত ছিলেন।
VARDS-এর পক্ষ থেকে জানানো হয়, শিশু ও নারীর নিরাপত্তা, মানবাধিকার সুরক্ষা এবং অসহায় মানুষের পাশে দাঁড়াতে প্রশাসনের সঙ্গে সমন্বয় করে সংগঠনটির মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।
নাবালিকাকে দীর্ঘ আট মাস পর নিরাপদে উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার ঘটনায় প্রশাসন ও VARDS-এর সমন্বিত উদ্যোগকে ইতিবাচকভাবে দেখছেন সংশ্লিষ্টরা।