
ইকবাল হোসেন
(ত্রিশাল প্রতিনিধি)
ময়মনসিংহের ত্রিশালে বাসচাপায় মো. সিদ্দিকুর রহমান নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।
মঙ্গলবার সকাল আনুমানিক ১০টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সিদ্দিকুর রহমান উপজেলার বৈলর ইউনিয়নের চরপাড়া (হদ্দেরভিটা) গ্রামের বাসিন্দা এবং বাংলাদেশ কৃষি ব্যাংকের সাবেক ম্যানেজার মোস্তাফিজুর রহমানের ছোট ভাই।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে সিদ্দিকুর রহমান সড়কের পাশে দাঁড়িয়ে ছিলেন। এ সময় ‘রফ রফ পরিবহন’-এর একটি দ্রুতগামী বাস অন্য একটি যানবাহনকে ওভারটেক করতে গিয়ে তাকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি ছিটকে প্রায় ২০ হাত দূরে গিয়ে পড়েন এবং গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর পরই স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেন। তবে অবস্থার আশঙ্কাজনক অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই দুপুর সাড়ে ১২টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মরহুমের পারিাবরিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার মাগরিবের নামাজ শেষে নিজ বাড়িতে সিদ্দিকুর রহমানের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
তার এই মর্মান্তিক ও আকস্মিক মৃত্যুতে পরিবার, স্বজন এবং পুরো এলাকাবাসীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।