
মোঃ সুজন আহমেদ
সিরাজগঞ্জ
আসন্ন শারদীয় দুর্গাপূজা সার্বজনীন ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে সিরাজগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে জেলাজুড়ে ৫৫১টি দুর্গাপূজা মণ্ডপে মোট ৫৫ লাখ ১০ হাজার টাকার আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে। এতে প্রতিটি পূজা মণ্ডপকে ১০ হাজার টাকা করে এই অনুদান প্রদান করা হয়।
এ উপলক্ষে সিরাজগঞ্জ জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি রুমানা মাহমুদ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিরাজগঞ্জ জেলা পরিষদের প্রশাসক ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম শাহীন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক এবং সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট সাইদুর রহমান বাচ্চু।
প্রধান অতিথির বক্তব্যে রুমানা মাহমুদ বলেন, “বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। আবহমান কাল থেকেই এখানে সকল ধর্মের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে নিজ নিজ ধর্মীয় উৎসব পালন করে আসছে। শারদীয় দুর্গাপূজা কেবল সনাতন ধর্মাবলম্বীদের নয়, এটি এখন আমাদের সার্বজনীন উৎসবে পরিণত হয়েছে। পূজায় আইনশৃঙ্খলা রক্ষা ও সার্বিক নিরাপত্তা নিশ্চিতে আমরা সনাতন ধর্মাবলম্বীদের পাশে আছি এবং যেকোনো সহযোগিতায় প্রস্তুত রয়েছে।”
জেলা পরিষদ প্রশাসক ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম শাহীন জানান, উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা আয়োজনে সহায়তার উদ্দেশ্যে জেলা পরিষদের তহবিল থেকে এই অনুদান দেওয়া হলো। ভবিষ্যতেও জেলা পরিষদের পক্ষ থেকে এ ধরনের জনকল্যাণমূলক ও ধর্মীয় সম্প্রীতি জোরদারকরণের কাজ অব্যাহত থাকবে।
অনুষ্ঠান শেষে উপস্থিত ৫৫১টি পূজামণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে আনুষ্ঠানিকভাবে অনুদানের চেক হস্তান্তর করেন অতিথিবৃন্দ। এসময় জেলা বিএনপি ও জেলা পরিষদের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং স্থানীয় সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।