
নিজস্ব প্রতিবেদক:
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার ঐতিহ্যবাহী বাঙ্গাবাড়ী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ১নং ওয়ার্ডবাসীর উদ্যোগে এক ব্যতিক্রমী নির্বাচনী মতবিনিময় সভা ও সাধারণ মানুষের সঙ্গে সরাসরি প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় ১নং ওয়ার্ডের শিশাটোলা প্রাথমিক বিদ্যালয় চত্বরে এই উন্মুক্ত মতবিনিময় সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে আগামী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে সর্বস্তরের ইউনিয়নবাসীর সমর্থন ও দোয়া চেয়ে নিজের অঙ্গীকার তুলে ধরেন গোমস্তাপুর উপজেলা বাঙ্গাবাড়ী ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও বর্তমান নির্বাহী সদস্য মো. আব্দুল মবিন নির্মল।
পথসভায় শিশাটোলা গ্রামসহ আশপাশের প্রায় তিন শতাধিক প্রবীণ, তরুণ ও নারী ভোটারের উপস্থিতি লক্ষ করা যায়। অনুষ্ঠান চলাকালে স্থানীয় সাধারণ মানুষ তাঁদের ভোগান্তি, নাগরিক সমস্যা ও প্রত্যাশা নিয়ে সরাসরি প্রার্থীকে বিভিন্ন প্রশ্ন করেন। প্রার্থী মবিন নির্মল ধৈর্যসহকারে ভোটারদের প্রতিটি প্রশ্নের জবাব দেন এবং নির্বাচিত হলে সমস্যা সমাধানের প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
উপস্থিত জনতার উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে মবিন নির্মল বলেন, “আপনারাই এই ইউনিয়নের আসল মালিক। আপনাদের সমর্থন নিয়ে আমি জনসেবায় নিজেকে উৎসর্গ করতে চাই। আগামীতে বাঙ্গাবাড়ীকে দুর্নীতি, মাদক ও সন্ত্রাসমুক্ত এবং স্বচ্ছ ও ন্যায্য বিচারের একটি রোল মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলা হবে।”
সরকারি ভাতা ও সুবিধা বণ্টনে স্বচ্ছতার আশ্বাস দিয়ে তিনি আরও বলেন, “বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতার ক্ষেত্রে কোনো প্রকার টাকার লেনদেন বা অনিয়ম সহ্য করা হবে না। প্রতিটি ওয়ার্ডে সবার সামনে আলোচনার মাধ্যমে প্রকৃত যোগ্যদের তালিকা তৈরি করে সুবিধা পৌঁছে দেওয়া হবে। সাধারণ মানুষের পরামর্শ নেওয়ার জন্য একটি ‘উপদেষ্টা পরিষদ’ গঠন করা হবে।”
জনবান্ধব সেবা নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়ে তিনি যোগ করেন, “কোনো সাধারণ মানুষ আমার কাছে এসে অসম্মানিত হবেন না বা দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হবে না। আমি শাসক নয়, সুবিধাবঞ্চিত মানুষের সেবক হয়ে থাকতে চাই।”
পথসভায় এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। প্রার্থীর সুস্পষ্ট রূপরেখা ও প্রশ্নোত্তর পর্বে সন্তুষ্ট হয়ে উপস্থিত ভোটাররা তাঁর প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করেন।