
শাহেদ আহমেদ,
সাতক্ষীরা
সাতক্ষীরার দেবহাটায় স্থানীয় জনগণের সহযোগিতায় পুলিশের বিশেষ অভিযানে ১৬৯ বোতল ভারতীয় নিষিদ্ধ উইনকেরেক্স সিরাপসহ নুর ইসলাম (২৭) নামে এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। এ ঘটনায় পলাতক আরও দুই ব্যক্তিসহ মোট তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে পুলিশ। পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৩০ অক্টোবর রাত ১০টার দিকে দেবহাটা উপজেলার বহেরা বাজারসংলগ্ন নুর আমিনের চায়ের দোকানের সামনে বহেরা বাজার থেকে বহেরা হাইস্কুলগামী পাকা সড়কে সন্দেহভাজন তিন ব্যক্তির গতিরোধ করেন স্থানীয় জনতা ও কুলিয়া ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি শেখ আফ্রিদি। পরে বিষয়টি দেবহাটা থানা পুলিশকে জানানো হলে থানার অফিসার ইনচার্জ (ওসি) এইচ এম শাহীনের নির্দেশনায় এসআই সোহাগ মিয়ার নেতৃত্বে পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি চালায়। এ সময় ১৬৯ বোতল ভারতীয় উইনকেরেক্স সিরাপসহ নুর ইসলামকে আটক করা হয়। তিনি সাতক্ষীরা সদর উপজেলার মাহমুদপুর গ্রামের আরশাদ আলীর ছেলে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে তাঁর সঙ্গে থাকা অপর দুই সহযোগী পালিয়ে যেতে সক্ষম হন। পলাতক ব্যক্তিরা হলেন সাতক্ষীরা সদর উপজেলার মাহমুদপুর (ডাকাতপাড়া) গ্রামের আব্দুস কুদ্দুস কারিগরের ছেলে শরিফুল ইসলাম (৩২) এবং একই উপজেলার মাহমুদপুর (মোড়লপাড়া) গ্রামের রেজাউল মোড়লের ছেলে মজনু মোড়ল (৩৫)। এ ঘটনায় দেবহাটা থানার এসআই সোহাগ মিয়া বাদী হয়ে আটক নুর ইসলাম ও পলাতক দুই ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেন। ৩০ অক্টোবর ২০২৬ তারিখে দায়ের করা মামলাটির নম্বর ১৩। ঘটনার সত্যতা নিশ্চিত করে দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) এইচ এম শাহীন জানান, মাদকের বিরুদ্ধে দেবহাটা থানা পুলিশের জিরো টলারেন্স নীতি অব্যাহত রয়েছে। সাধারণ মানুষকে মাদকবিরোধী কার্যক্রমে সম্পৃক্ত করা এবং মাদকের কুফল সম্পর্কে সচেতন করার পাশাপাশি নিয়মিত অভিযান পরিচালনা করছে পুলিশ। তিনি আরও জানান, আটক ব্যক্তিকে যথাযথ আইনি প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। পলাতক অপর দুই ব্যক্তিকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।