মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বাগেরহাটের চিতলমারীতে অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু, পরিবারের দাবি হত্যা; স্বামী পলাতক ঠাকুরগাঁওয়ে ওয়ারিশান সনদে জীবিত ব্যক্তিকে মৃত দেখানোর অভিযোগ সালথায় ঢাবি ছাত্রলীগের সহসভাপতি ফেরদাউস গ্রেপ্তার নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্য প্রতিহতের হুঙ্কার: রাজশাহীতে তপনের নেতৃত্বে রাতব্যাপী বাইক শোডাউন সুন্দরবনে আবারও জলদস্যুদের তাণ্ডব, মুক্তিপণের দাবিতে অপহৃত ১০ জেলে পিরোজপুরের ইন্দুরকানীতে ৫০ পিস ইয়াবা সহ আটক ১ পিরোজপুরের কাউখালীতে ডিবির অভিযানে ৫০ পিস ইয়াবা সহ আটক ১। ১০ নভেম্বরের কর্মসূচি ঘিরে সতর্ক পুলিশ, সড়কে মহড়া ন‌ওগাঁর নিয়ামতপুরে ৫০ লিটার চোলাইমদসহ ৩ জন গ্রেপ্তার নওগাঁর নিয়ামতপুর উপজেলার গুজিশহর স্কুল মাঠে সমন্বিত পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ে ওয়ারিশান সনদে জীবিত ব্যক্তিকে মৃত দেখানোর অভিযোগ

  • আপডেট সময় : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
  • ১৭ বার পঠিত

একই পরিবারের নামে দুই সনদ, ওয়ারিশের সংখ্যায় গরমিল; জমি খারিজ নিয়ে প্রশ্ন, তদন্তের দাবি।

ঠাকুরগাঁও প্রতিনিধি :

ঠাকুরগাঁও সদর উপজেলার আকচা ইউনিয়ন পরিষদ থেকে একই পরিবারের নামে ইস্যু করা হয়েছে দুটি পৃথক ওয়ারিশান সনদ। দুই সনদে ওয়ারিশের সংখ্যা ও পরিচয়ে রয়েছে বড় ধরনের অসংগতি। একটি সনদে চার ছেলে ও তিন মেয়ের নাম থাকলেও পরবর্তী সনদে দেখানো হয়েছে পাঁচ ছেলে ও তিন মেয়ে। শুধু তাই নয়, নতুন সনদে আজগর আলী নামে একজনকে মৃত উল্লেখ করা হয়েছে। অথচ অভিযোগকারী আজিজুর রহমানের দাবি, আজগর আলী ওরফে আজিজুর রহমান তাঁরই নাম এবং তিনি জীবিত ও সুস্থ আছেন।
অভিযোগ উঠেছে, তাঁকে মৃত দেখিয়ে তৈরি করা ওয়ারিশান সনদ ব্যবহার করে তাঁর ভাইয়েরা জমি নিজেদের নামে খারিজ করে নিয়েছেন। একজন জীবিত ব্যক্তিকে কীভাবে মৃত দেখিয়ে সরকারি সনদ দেওয়া হলো, কারা এই সনদের জন্য আবেদন করেছেন এবং যথাযথ যাচাই-বাছাই ছাড়াই কীভাবে তা ইস্যু করা হলো—এসব প্রশ্নে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
সংশ্লিষ্ট নথি পর্যালোচনায় দেখা যায়, ২০২২ সালের ২৭ ডিসেম্বর তৎকালীন আকচা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুব্রত কুমার বর্মন ভুবন আলীর পরিবারের নামে একটি ওয়ারিশান সনদ ইস্যু করেন। ওই সনদে চার ছেলে ও তিন মেয়ের নাম উল্লেখ করা হয়। এর প্রায় তিন বছর পর, ২০২৬ সালের ২ ফেব্রুয়ারি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান সিমলা রানী একই পরিবারের নামে আরেকটি ওয়ারিশান সনদ দেন। দ্বিতীয় সনদে ওয়ারিশের সংখ্যা বাড়িয়ে পাঁচ ছেলে ও তিন মেয়ে দেখানো হয়। সেখানে আজগর আলী নামে একজনকে মৃত হিসেবে উল্লেখ করা হয়েছে।
অভিযোগকারী আজিজুর রহমানের দাবি, তাঁর বাবা গোলাম রসুলের পরিবারের সদস্য হিসেবে চার ছেলে ও তিন মেয়ে রয়েছেন। ছেলেদের মধ্যে আনোয়ারুল হক, মাশারুল হক, আমিরুল ইসলাম ও তিনি নিজে। তিন বোনের মধ্যে বড় বোন হাজেরা বেগম মারা গেছেন এবং অন্য দুই বোন জীবিত। তাঁর দাবি, আজগর আলী নামে আলাদা কোনো ভাই তাঁদের পরিবারে নেই। তাঁর নামের একাংশ আলাদা করে আজগর আলী নামে নতুন পরিচয় তৈরি করে তাঁকে মৃত দেখানো হয়েছে।
আজিজুর রহমান বলেন, ‘আমি আজগর আলী ওরফে আজিজুর রহমান। আমি এখনো জীবিত ও সুস্থ আছি। অথচ আমার নামের একটি অংশ ব্যবহার করে আজগর আলী নামে আরেকজনের পরিচয় তৈরি করা হয়েছে। আমাকে মৃত দেখিয়ে ওয়ারিশান সনদ নেওয়া হয়েছে। সেই সনদ ব্যবহার করে আমার নামে কেনা জমি আমার ভাইয়েরা নিজেদের নামে খারিজ করে নিয়েছেন।’
তিনি আরও বলেন, তাঁর বাবা গোলাম রসুল আজগর আলী ওরফে আজিজুর রহমান নামে তাঁর জন্য একটি জমি কিনেছিলেন। পরে বাবা জীবদ্দশায় ওই জমি শুক্রা শীলের কাছে বিক্রি করেন। জমিটি পৈতৃক সম্পত্তিও নয় বলে দাবি তাঁর। তাঁর অভিযোগ, বিষয়টি জানার পর তিনি প্যানেল চেয়ারম্যান সিমলা রানীকে নিজের জীবিত থাকার কথা জানান। পরে প্যানেল চেয়ারম্যান তাঁর বাড়িতে গিয়ে তাঁকে জীবিত দেখেন এবং সনদ সংশোধনের আশ্বাস দেন। কিন্তু এখন পর্যন্ত সনদ সংশোধন করা হয়নি। বারবার যোগাযোগ করেও ‘আজ করব, কাল করব’ বলে তাঁকে সময় দেওয়া হচ্ছে।
তবে অভিযোগ অস্বীকার করেছেন আজিজুর রহমানের তিন ভাই আনোয়ারুল হক, মাশারুল হক ও আমিরুল ইসলাম। তাঁদের দাবি, তাঁরা পাঁচ ভাই ছিলেন। তাঁদের এক ভাই আজগর আলী শৈশবে কালাজ্বরে আক্রান্ত হয়ে মারা যান। মৃত্যুর সময় তাঁর বয়স ছিল আনুমানিক ৯ থেকে ১০ বছর। আজিজুর রহমানের অভিযোগের কোনো সত্যতা নেই বলেও দাবি করেন তাঁরা।
এদিকে স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, ছোটবেলা থেকে তাঁরা ওই পরিবারকে চার ছেলে ও তিন মেয়ের পরিবার হিসেবেই জানেন। সম্প্রতি পাঁচ ছেলের কথা শুনছেন। আজগর আলী ওরফে আজিজুর রহমান নামে একজনকেই তাঁরা চেনেন এবং তাঁকে জীবিত দেখেছেন। জমিজমা নিয়ে বিরোধের জেরে তাঁকে মৃত দেখানো হয়েছে কি না, তা নিরপেক্ষভাবে তদন্তের দাবি জানিয়েছেন তাঁরা।
আকচা ইউনিয়ন (পূর্ব) বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবু তালেব বলেন, ছোটবেলা থেকেই ওই পরিবারে চার ভাই ও তিন বোন বলে জানেন তিনি। এখন পাঁচ ভাইয়ের কথা শুনছেন। প্যানেল চেয়ারম্যানও আগে পরিবারটিতে চার ছেলে ও তিন মেয়ে থাকার বিষয়টি জানতেন। যথাযথ যাচাই-বাছাই না করেই নতুন সনদ দেওয়া হয়ে থাকতে পারে। বিষয়টি জানার পর সনদ সংশোধনের আশ্বাস দেওয়া হয়েছিল বলেও জানান তিনি।
স্থানীয় ইউপি সদস্য বিজয় চন্দ্র বলেন, আগের চেয়ারম্যানের দেওয়া ওয়ারিশান সনদের বিষয়ে তিনি জানেন। তবে প্যানেল চেয়ারম্যান নতুন করে আরেকটি সনদ দিয়েছেন, তা তাঁর জানা ছিল না। তাঁর ভাষ্য, ‘আজগর আলী আর আজিজুর রহমান একই ব্যক্তি। তিনি এখনো জীবিত রয়েছেন।’
অভিযোগের বিষয়ে আকচা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান সিমলা রানী বলেন, ৫ নম্বর ওয়ার্ডে আজগর আলী নামে একজন জীবিত ব্যক্তি রয়েছেন। তাঁর পরিবারের সদস্য ও ভাইয়েরা তাঁর কাছে এসে ওয়ারিশান সনদ নিয়েছেন। তাঁরা একটি মৃত্যু সনদও সঙ্গে এনেছিলেন। তাঁর ধারণা ছিল, ওই পরিবারে আজগর আলী নামে চার ভাই রয়েছেন। তবে আবেদনে পাঁচ ভাইয়ের নাম উল্লেখ করা হয়েছিল। বিষয়টি নিয়ে তিনিও এখনো সন্দিহান রয়েছেন বলে জানান তিনি।
একই পরিবারের নামে দুটি সনদ, ওয়ারিশের সংখ্যায় পরিবর্তন এবং জীবিত ব্যক্তিকে মৃত দেখানোর অভিযোগ—পুরো ঘটনায় ইউনিয়ন পরিষদের সনদ ইস্যু প্রক্রিয়ার স্বচ্ছতা ও দায়িত্বশীলতা নিয়ে প্রশ্ন উঠেছে। বিশেষ করে, মৃত্যু সনদ যাচাই, আবেদনকারীদের পরিচয় নিশ্চিত করা এবং সরেজমিন তদন্তের দায়িত্ব যথাযথভাবে পালন করা হয়েছিল কি না, তা খতিয়ে দেখা জরুরি।
স্থানীয়দের দাবি, দুটি ওয়ারিশান সনদ, সংশ্লিষ্ট মৃত্যু সনদ, জমির দলিল ও নামজারি-সংক্রান্ত নথি যাচাই করে নিরপেক্ষ তদন্ত করা হোক। অভিযোগ প্রমাণিত হলে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া এবং প্রকৃত ওয়ারিশদের অধিকার সুরক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হোক। কারণ, সরকারি একটি সনদে ভুল তথ্য শুধু একজন মানুষের পরিচয় ও অস্তিত্বকেই প্রশ্নবিদ্ধ করে না, বরং তাঁর সম্পত্তির অধিকারও ঝুঁকির মুখে ফেলতে পারে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park