
মোঃ আব্দুল আজিজ শেখ নওগাঁঃ
নওগাঁর বদলগাছী থানা পরিদর্শনকালে থানা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্যদের সঙ্গে মতবিনিময় করেছেন নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।
১৬নভেম্বর সোমবার রাতে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় পুলিশ সুপার থানার সার্বিক কার্যক্রম, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং অপরাধ দমনে পুলিশের ভূমিকা নিয়ে কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন।
এ সময় তিনি আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সবাইকে পেশাদারত্ব, সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দেন। পাশাপাশি অপরাধ নিয়ন্ত্রণ, মাদকবিরোধী অভিযান জোরদার, জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এবং সাধারণ মানুষের সঙ্গে পুলিশের সুসম্পর্ক বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।
পুলিশ সুপার বলেন, জনগণের নিরাপত্তা নিশ্চিত করা পুলিশের অন্যতম প্রধান দায়িত্ব। এ দায়িত্ব পালনে কোনো ধরনের অবহেলা বা গাফিলতি গ্রহণযোগ্য নয়। আইনশৃঙ্খলা রক্ষায় সবাইকে সর্বোচ্চ আন্তরিকতা ও পেশাদারত্বের সঙ্গে কাজ করতে হবে।
মতবিনিময়কালে বদলগাছী থানার অফিসার ইনচার্জ হাবিবুর রহমানসহ বিভিন্ন পর্যায়ের পুলিশ কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।