
মোঃ সোহেল রানা
রাজশাহী প্রতিনিধি
রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর ইউনিয়নের খুটিপাড়া গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে সুফিয়া বেগম ও তাঁর ছেলে চঞ্চলের ওপর হামলা, হত্যাচেষ্টা, জমি দখলের চেষ্টা এবং মামলা দিয়ে হয়রানির অভিযোগ উঠেছে নুসরাত জাহান বিউটি খাতুন ও তাঁর পরিবারের বিরুদ্ধে। এসব ঘটনার সুষ্ঠু তদন্ত, পরিবারের নিরাপত্তা এবং ন্যায়বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন সুফিয়া বেগমের মেয়ে শ্যামলী খাতুন। এ সময় উপস্থিত এলাকাবাসীও বিউটি খাতুনের গ্রেপ্তারের দাবি জানান।
২৬ নভেম্বর (বৃহস্পতিবার) সকাল ১১টায় খুটিপাড়া গ্রামে আয়োজিত সংবাদ সম্মেলনে শ্যামলী খাতুন অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে তাঁর মায়ের জমি নিয়ে বিউটি খাতুন ও তাঁর পরিবারের সঙ্গে বিরোধ চলছে। এর জেরে তাঁর মা ও ভাইকে বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন, শারীরিক নির্যাতন এবং মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে।
লিখিত বক্তব্যে শ্যামলী খাতুন বলেন, গত ১০ জুন মাগরিবের নামাজের সময় জমিসংক্রান্ত বিরোধের জেরে বিউটি খাতুন, তাঁর স্বামী শহিদুল ইসলাম, শ্বশুর আলম, শাশুড়ি নার্গিসসহ তাঁদের সহযোগীরা দেশীয় অস্ত্র, শাবল, কোদাল ও বাঁশের লাঠি নিয়ে তাঁর মায়ের জমি দখলের উদ্দেশ্যে হামলা চালান। এ সময় তাঁর মা সুফিয়া বেগমকে মারধর করে গুরুতর আহত করা হয়। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
একই ঘটনায় বিউটি খাতুন নিজেই মেহগনি গাছের সঙ্গে মাথা ঠুকে আহত হওয়ার ঘটনা সাজান । পরবর্তী সময়ে এ ঘটনাকে কেন্দ্র করে তাঁদের বিরুদ্ধে মিথ্যা মামলা করা হয় বলে অভিযোগ করেন তিনি। তাঁদের দাবি, সেদিনের প্রকৃত ঘটনা নিরপেক্ষভাবে তদন্ত করে সত্য উদ্ঘাটন করতে হবে।
তিনি আরও অভিযোগ করেন, গত ১৫ নভেম্বর এলাকার গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে বিরোধ নিষ্পত্তির জন্য সালিশি বৈঠক ও জমির কাগজপত্র যাচাই-বাছাইয়ের দিন নির্ধারিত ছিল। কিন্তু ওই বৈঠক ভণ্ডুল করার উদ্দেশ্যে ১২ নভেম্বর আবারও তাঁর মায়ের জমি দখলের চেষ্টা করা হয়। এ সময় তাঁর ভাই চঞ্চলকে লাঠি ও শাবল দিয়ে আঘাত করে হত্যার চেষ্টা করা হয়। স্থানীয়দের সহযোগিতায় তিনি প্রাণে রক্ষা পান।
শ্যামলীর দাবি, ঘটনার পর জনপ্রতিনিধি ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উভয় পক্ষকে নিয়ে বিরোধ মীমাংসার উদ্যোগ নেন এবং মামলা-মোকদ্দমা থেকে বিরত থাকার পরামর্শ দেন। কিন্তু ঘটনার দিন বিউটি খাতুনের শাশুড়ি ঘটনাস্থলে উপস্থিত না থাকলেও পরবর্তীতে মীমাংসার আশ্বাস দিয়ে সময়ক্ষেপণের একপর্যায়ে তাঁকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসার কাগজপত্র সংগ্রহ করা হয়। এরপর গোপনে তাঁর ভাই চঞ্চলসহ স্থানীয় নিরীহ গ্রামবাসীর কয়েকজনের বিরুদ্ধে মামলা করা হয়। ওই মামলায় পুলিশ চঞ্চলকে গ্রেপ্তার করে।
সংবাদ সম্মেলনে তিনি তিনি আরও বলেন, চঞ্চলকে গ্রেপ্তারের পর হ্যান্ডকাফ পরা অবস্থায় ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করে উচ্ছ্বাস প্রকাশ করেন বিউটি খাতুন। বিষয়টি তাঁদের পরিবারের জন্য অপমানজনক ও বেদনাদায়ক বলেও উল্লেখ করেন শ্যামলী।
এদিকে বিউটি খাতুনের মেয়ে বৃষ্টি খাতুনের সংবাদ সম্মেলনের বক্তব্যের প্রসঙ্গ তুলে শ্যামলী বলেন, সেখানে নিজের মা বিউটি খাতুন ও চতুর্থ সৎ বাবা সুজনের বিরুদ্ধে গর্ভের সন্তানকে শারীরিক নির্যাতনের মাধ্যমে হত্যা এবং স্বামীকে তালাক দিতে চাপ দেওয়ার মতো গুরুতর অভিযোগ তোলা হয়েছে। ওই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করার জেরে খুটিপাড়া এলাকার কয়েকজন বাসিন্দার বিরুদ্ধে বিউটি খাতুনের শাশুড়িকে বাদী করে ধর্ষণ মামলা দায়ের করা হয়েছে বলেও তাঁরা জানতে পেরেছেন। এসব অভিযোগেরও নিরপেক্ষ তদন্ত দাবি করেন তিনি।
এ ছাড়া বিউটি খাতুনের বিরুদ্ধে তাঁর শ্বশুর-শাশুড়িকে নির্যাতন করে বাড়ি থেকে বের করে দেওয়া এবং দাদিশাশুড়িকে জিম্মি করে জমি লিখে নেওয়ার পর তাঁকেও বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ রয়েছে বলে সংবাদ সম্মেলনে দাবি করা হয়।
শ্যামলী খাতুন বলেন, “আমার মা কি নিজের জমিতে শান্তিতে বসবাস করতে পারবেন না? আমার ভাই কি নিজের মা ও মায়ের জমি রক্ষা করতে গিয়ে বারবার হামলা ও মামলার শিকার হবে? আমরা কারও জমি দখল করতে চাই না, কারও সঙ্গে অন্যায় করতে চাই না। আমরা শুধু ন্যায়বিচার ও নিরাপত্তা চাই।”
তিনি আরও অভিযোগ করেন, অর্থনৈতিক প্রভাব খাটিয়ে স্থানীয় প্রশাসনকে প্রভাবিত করার চেষ্টা করা হচ্ছে। তবে কোনো পক্ষের প্রভাবে নয়, তথ্য-প্রমাণের ভিত্তিতে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটনের দাবি জানান তিনি।
সংবাদ সম্মেলনে উপস্থিত খুটিপাড়া গ্রামের এলাকাবাসীও এসব অভিযোগের সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন। তাঁরা বিউটি খাতুনকে গ্রেপ্তার করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের প্রতি জোরালো আহ্বান জানান। এলাকাবাসীর দাবি, জমি নিয়ে বিরোধ, হামলা, মামলা ও সামাজিক হয়রানির ঘটনায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখা কঠিন হয়ে পড়বে।
সংবাদ সম্মেলন থেকে গত ১০ জুন ও ১২ নভেম্বরের হামলার ঘটনা তদন্ত, সুফিয়া বেগম ও তাঁর ছেলে চঞ্চলের নিরাপত্তা নিশ্চিত, জমি দখলের চেষ্টা বন্ধ, হয়রানিমূলক মামলা দায়েরের অভিযোগ যাচাই এবং বৃষ্টি খাতুনের বক্তব্যে উঠে আসা পারিবারিক নির্যাতনের অভিযোগ তদন্তসহ সাত দফা দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে শ্যামলী খাতুন প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, অপরাধী যে-ই হোক, তার পরিচয় বা প্রভাব বিবেচনা না করে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে খুটিপাড়া গ্রামের সাধারণ মানুষের জানমাল, জমি ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান তিনি।
তবে এসব অভিযোগের বিষয়ে অভিযুক্ত নুসরাত জাহান বিউটি খাতুন ও তাঁর পরিবারের সদস্যরা এলাকায় অনুপস্থিত থাকায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।