
নিজস্ব প্রতিবেদক
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার ৬ নং চরকিং ইউনিয়ন পরিষদের আসন্ন নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন সাবেক ইউপি সদস্য মো. মনির উদ্দিন।
দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকা মনির উদ্দিনকে আসন্ন নির্বাচনে চেয়ারম্যান হিসেবে দেখতে চান বলে জানিয়েছেন স্থানীয় এলাকাবাসীর অনেকে।
মনির উদ্দিন চরকিং ইউনিয়নের বোয়ালিয়া গ্রামের বাসিন্দা। তিনি ২০১১ থেকে ২০২১ সাল পর্যন্ত চরকিং ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি স্নাতক ডিগ্রিধারী। দীর্ঘদিন ধরে এলাকার রাস্তাঘাট সংস্কার, যোগাযোগব্যবস্থার উন্নয়ন এবং বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত রয়েছেন বলে জানা গেছে।
রাজনৈতিক জীবনে মনির উদ্দিন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের হাতিয়া দ্বীপ সরকারি কলেজ শাখার সাবেক সহ-সভাপতি এবং ৬ নং চরকিং ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। বিএনপির রাজনীতির সঙ্গে দীর্ঘদিন সম্পৃক্ত থাকার কারণে রাজনৈতিক বিভিন্ন হামলা, মামলা ও কারা নির্যাতনের শিকার হয়েছেন বলেও তার পক্ষ থেকে দাবি করা হয়েছে।
মনির উদ্দিন জানান, বিএনপি নেত্রীর গ্রেপ্তারের প্রতিবাদে দায়ের করা জিআর ২৪/২০১৮ নম্বর মামলা এবং ২০২৩ সালের ২৮ অক্টোবরের ঘটনাকে কেন্দ্র করে দায়ের করা মামলাসহ একাধিক মামলার আসামি হয়েছেন তিনি। রাজনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকার কারণে তাকে বিভিন্ন সময় মামলা ও হয়রানির শিকার হতে হয়েছে বলেও দাবি করেন তিনি।
মনির উদ্দিনের পরিবারও দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। তার বাবা মরহুম ফিরোজ উদ্দিন ২০০৩ থেকে ২০১৫ সাল পর্যন্ত চরকিং ইউনিয়ন বিএনপির সভাপতি ছিলেন। পাশাপাশি তিনি হাতিয়া উপজেলা বিএনপির সাবেক সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেন।
তার বড় ভাই কবির উদ্দিন মজনু ২০১৩ থেকে ২০২২ সাল পর্যন্ত হাতিয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক ছিলেন।
অন্যদিকে তার চাচা নিজাম উদ্দিন ২০০২ থেকে ২০২০ সাল পর্যন্ত চরকিং ইউনিয়ন যুবদলের সভাপতির দায়িত্ব পালন করেন।
স্থানীয়দের মতে, দীর্ঘদিন জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন এবং এলাকার বিভিন্ন সামাজিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকার কারণে মনির উদ্দিনের একটি পরিচিতি রয়েছে। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে তাকে চেয়ারম্যান পদে দেখতে চান বলে আগ্রহ প্রকাশ করেছেন এলাকাবাসী।
এ বিষয়ে মো. মনির উদ্দিন বলেন, “আমি দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। আমার পরিবারও দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। রাজনৈতিক জীবনে নানা হামলা, মামলা ও নির্যাতনের শিকার হয়েছি। নেত্রীর গ্রেপ্তারের প্রতিবাদে জিআর ২৪/২০১৮ নম্বর মামলা এবং ২০২৩ সালের ২৮ অক্টোবরের ঘটনাসহ একাধিক মামলায় আমাকে আসামি করা হয়েছে। জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পালনকালে এলাকার মানুষের সুখে-দুঃখে পাশে থাকার চেষ্টা করেছি।
চরকিং ইউনিয়নের রাস্তাঘাটের উন্নয়ন, যোগাযোগব্যবস্থার উন্নতি এবং সাধারণ মানুষের জীবনমান পরিবর্তনে কাজ করার ইচ্ছা থেকেই চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমি নির্বাচিত হলে দলমত-নির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়ে একটি উন্নত, আধুনিক ও জনবান্ধব চরকিং ইউনিয়ন গড়ে তুলতে কাজ করব। এ জন্য আমি ইউনিয়নবাসীর দোয়া, ভালোবাসা ও সমর্থন প্রত্যাশা করছি।