সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০২:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
আওয়ামী লীগ ধীরে ধীরে নিঃশেষ হয়ে গেছে: শামা ওবায়েদ ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া সীমান্তে আকস্মিক সফরে বিজিবি মহাপরিচালকের আগমন নবীনগর প্রেসক্লাবের ৪১ বছরে পদার্পণ, কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রূপগঞ্জে পূর্ব শত্রুতার জেরে সাংবাদিকের অন্তঃসত্ত্বা স্ত্রী ও শিশুকে আঘাতের অভিযোগ, থানায় মামলা/অভিযোগ দায়ের মোংলায় ১০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার কাইনমারিতে এসআরবি-৬-এর অভিযান, পুলিশের কাছে হস্তান্তর টেকনাফে ইজিবাইকের পেছনে মিলল ১৩ গ্রেনেড, ৭৬ রাউন্ড এমজি গুলি আশুগঞ্জে ১৫ কেজি গাঁজাসহ ০২ মাদক কারবারী গ্রেফতার ব্রাহ্মণপাড়ায় পৃথক অভিযানে মাদকসহ গ্রেপ্তার ১১ পার্বতীপুরে বৈরী আবহাওয়ায়ও ভুট্টা পরিচর্যায় ব্যস্ত কৃষকরা চরকিং ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হওয়ার ঘোষণা দিলেন সাবেক ইউপি সদস্য মনির উদ্দিন

টেকনাফে ইজিবাইকের পেছনে মিলল ১৩ গ্রেনেড, ৭৬ রাউন্ড এমজি গুলি

  • আপডেট সময় : রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
  • ১১ বার পঠিত

বোমা ডিসপোজাল টিমের মাধ্যমে গ্রেনেডগুলো ধ্বংস, পলাতকদের বিরুদ্ধে মামলা

সাদ্দাম হোসেন সাজ্জাদ :

কক্সবাজারের টেকনাফে একটি ব্যাটারিচালিত ইজিবাইকের পেছনে রাখা বস্তা থেকে ১৩টি গ্রেনেড, ৭৬ রাউন্ড মেশিনগানের (এমজি) গুলি ও একটি খালি ম্যাগাজিন উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৫ (এসআরবি-১৫)। পরে আদালতের নির্দেশে সেনাবাহিনীর বোমা ডিসপোজাল টিম গ্রেনেডগুলো নিরাপদে ধ্বংস ও নিষ্ক্রিয় করে।

এসআরবি-১৫-এর দেওয়া প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২০ নভেম্বর সন্ধ্যা ৬টা ৫০ মিনিটের দিকে টেকনাফের হ্নীলা ইউনিয়নের দমদমিয়া এলাকায় এ অভিযান চালানো হয়। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এসআরবি-১৫-এর সিপিসি-১ (টেকনাফ ক্যাম্প) এর একটি আভিযানিক দল রোহিঙ্গা ক্যাম্প-২৭-এর ব্লক-সি, সাব-ব্লক-সি১২ সংলগ্ন নেচার পার্কের লাল গেটের সামনে পাকা সড়কে অভিযান চালায়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, অভিযানের উপস্থিতি টের পেয়ে মোহাম্মদ আয়াজ ওরফে রুবেল (২৭) এবং অজ্ঞাতনামা তিন থেকে চারজন ব্যক্তি একটি ব্যাটারিচালিত ইজিবাইকের পেছনে যাত্রী বসার স্থানে পুরোনো সাদা প্লাস্টিকের বস্তা ফেলে পালিয়ে যান। পরে সাক্ষীদের উপস্থিতিতে বস্তাটি তল্লাশি করে বিস্ফোরক ও গোলাবারুদগুলো উদ্ধার করা হয়।

উদ্ধার করা আলামতের মধ্যে রয়েছে সাতটি গ্রেনেড, ছয়টি এজিএল (AGL) গ্রেনেড, ৭৬ রাউন্ড এমজি গুলি, একটি খালি ম্যাগাজিন ও একটি পুরোনো ব্যাটারিচালিত ইজিবাইক। গ্রেনেডগুলোর মডেল ও লট নম্বর স্পষ্ট ছিল না বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

এসআরবি-১৫ জানায়, গ্রেনেডগুলো ঝুঁকিপূর্ণ হওয়ায় সেগুলো ধ্বংস ও নিষ্ক্রিয় করার জন্য আদালতের নির্দেশনা চাওয়া হয়। পরে কক্সবাজারের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৫-এর নির্দেশে ১০ পদাতিক ডিভিশন, রামু সেনানিবাসের বোমা ডিসপোজাল টিম শীলখালী এয়ার ডিফেন্স ফায়ারিং রেঞ্জে গ্রেনেডগুলো ধ্বংস ও নিষ্ক্রিয় করে।

এ ঘটনায় পলাতক আসামিদের বিরুদ্ধে দ্য আর্মস অ্যাক্ট, ১৮৭৮-এর ১৯(এফ) ধারা এবং দ্য এক্সপ্লোসিভ সাবস্ট্যান্সেস অ্যাক্ট, ১৯০৮-এর ৪ ও ৬ ধারায় টেকনাফ মডেল থানায় মামলা করা হয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অভিযানে সংশ্লিষ্ট ব্যক্তিরা মাদক কেনাবেচার উদ্দেশ্যে সেখানে অবস্থান করছিলেন বলে গোয়েন্দা তথ্য ছিল। তবে এ বিষয়ে স্বাধীনভাবে অন্য কোনো সূত্রের বক্তব্য পাওয়া যায়নি।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park