
বগুড়া জেলা প্রতিনিধি
ওহাব সরকার :
বগুড়ার শাজাহানপুর উপজেলার আমরুল ইউনিয়নের ডেমাজানী কাচারী বাড়িতে সরকারি নির্ধারিত স্থানে ভূমি অফিস নির্মাণে বাঁধা ও ষড়যন্ত্রের প্রতিবাদে এলাকাবাসী মানববন্ধন কর্মসূচি পালন করেছে।
মঙ্গলবার বিকেলে ডেমাজানী কাচারী বাড়ি এলাকায় অনুষ্ঠিত এই মানববন্ধনে স্থানীয় বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে সরকারি কমরউদ্দিন কলেজের অধ্যক্ষ এএইচ এম শফিকুত তারিক সভাপতিত্ব করেন এবং আবু শাহীন সানি সঞ্চালনা করেন। মানববন্ধন শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত অধ্যাপক অরুণ কুমার সরকার, প্রভাষক মাহাতাব উদ্দিন সন্টু, আমরুল ইউনিয়ন বিএনপির আহবায়ক রফিকুল ইসলাম, যুগ্ম আহবায়ক কামরুজ্জামান রাজা, উপজেলা ছাত্রদলের সভাপতি আব্দুল্লাহ আইয়ুব ছোটন, ডা. মেহের আলম মিশু, বিপুল মোল্লা, এম আর মানিক, জাহিদুল ইসলাম, জহুরুল ইসলাম বিএসসি, সাইফুল ইসলাম, মনোয়ার হোসেন টোটন, জামাল উদ্দিন, বাদশা মিয়া, আরিফ সরকার টিয়া, নাইস, রাব্বি, আব্দুর রহিম, হামিদ, রুবেল, আপেলসহ উপস্থিত ছিলেন আমরুল ইউনিয়নের সাধারণ জনগণ ও গ্রামবাসী।
বক্তারা অভিযোগ করে বলেন, সরকার অনুমোদিত জায়গায় ভূমি অফিস নির্মাণের কাজ শুরু হলে একটি কুচক্রী মহল পরিকল্পিতভাবে এর বিরোধিতা করছে। তারা প্রশাসনের প্রতি আহ্বান জানান, সরকারি উন্নয়ন প্রকল্পে বাধা প্রদানকারীদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনার জন্য।
বক্তারা আরও বলেন, “সরকারের উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়নে বাধা সৃষ্টি করে কেউ পার পাবে না। জনগণের সেবা ও এলাকার উন্নয়নের স্বার্থে ভূমি অফিস নির্মাণের কাজ দ্রুত সম্পন্ন করতে হবে।”
উল্লেখ্য, ডেমাজানী কাচারী বাড়ির সরকারি জায়গায় ভূমি অফিস নির্মাণের জন্য ইতোমধ্যে লে-আউট সম্পন্ন হয়েছে এবং শিগগিরই নির্মাণকাজ শুরুর কথা রয়েছে।