
এম,এ মালেক,
হালুয়াঘাট, ময়মনসিংহ :
ময়মনসিংহের হালুয়াঘাটে দুটি ব্যাটারি চালিত সবুজ রঙের অটোবাইক চুরির সাথে জড়িতদের বিচার দাবি এবং সমিতির বহিষ্কৃত সাধারণ সম্পাদকের মিথ্যা সংবাদ সম্মেলনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ‘হালুয়াঘাট অটোবাইক শ্রমিক কল্যাণ সংঘ ও ঋণদান সমবায় সমিতি লিঃ’।
১৫ আগস্ট শনিবার রাতে পৌর শহরের উওরবাজার সমিতি কার্যলয়ে সমিতির সভাপতি মো: নূরুল আমিন স্বাক্ষরিত একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এই প্রতিবাদ জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সমিতির সভাপতি মো: নূরুল আমিনের সমিতির সদস্য উত্তর খয়রাকুড়ি গ্রামের মো: মহসিন ও অকনপাড়া গ্রামের মো: বিপুল মিয়ার দুটি ব্যাটারি চালিত সবুজ রঙের অটোবাইক গত ২০/২৫ দিন আগে হালুয়াঘাট উপজেলা থেকে চুরি হয়ে যায়। পরবর্তীতে গত ১৩ ই ডিসেম্বর বৃহস্পতিবার তামিম নামের এক যুবককে চুরি সন্দেহে আটক করা হয়। এর পর দিন ১৪ আগস্ট শুক্রবার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে হালুয়াঘাট অটোভাইক সমিতির সাধারণ সম্পাদক মো: আনিস খান এবং অটো গাড়ী ব্যবসায়ী মঞ্জুরুল ও ফারুকের নাম উঠে আসে। পরবর্তীতে মঞ্জুরুলকে জিজ্ঞাসাবাদে আনিস ও ফারুকের নামসহ তারা অটোগাড়ী চুরির সাথে জড়িত বলে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সালিশ দরবার ও উপস্থিতিতে সিদ্ধান্ত হয় যে, মঞ্জুরুল চুরি হওয়া অটো গাড়ী ফেরত দিবে এবং আনিস চুরি হওয়া অটোগাড়ীর জরিমানা হিসেবে ১,৪০,০০০/- টাকা ফেরত দিবেন। ওই সময় আনিস জরিমানার কিছু অর্থ ফেরত দিয়ে সময় চেয়ে নেন।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, শনিবার (১৫ আগস্ট) অটোভাইক সমিতির বহিষ্কৃত সাধারণ সম্পাদক অজ্ঞাত স্থান হতে সাংবাদিকদের উপস্থিতিতে অটোবাইক চুরির সাথে জড়িত বিষয়টি অস্বীকার করে একটি মিথ্যা সংবাদ সম্মেলন করেন। ‘হালুয়াঘাট অটোভাইক শ্রমিক কল্যাণ সংঘ ও ঋণদান সমবায় সমিতি লিঃ’ এর পক্ষ থেকে এই মিথ্যা সংবাদ সম্মেলনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। অচিরেই আনিস ও মঞ্জুরুলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয় এবং বিষয়টি গণমাধ্যমে প্রচারের জন্য অনুরোধ জানান সমিতির সভাপতি মো: নূরুল আমিন।