
নিজস্ব প্রতিবেদক:
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে চোরাচালান প্রতিরোধ ও অবৈধ অনুপ্রবেশ রুখতে পরিচালিত অভিযানে শিবগঞ্জ থেকে ৫০টি বিভিন্ন মডেলের ভারতীয় চোরাই মোবাইল ফোন আটক করেছে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)।
মঙ্গলবার (২৭ অক্টোবর) ভোররাতে শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের জমিনপুর এলাকার ঈদগাহ মাঠে এ অভিযান চালানো হয়।
বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে আজ ২৭ অক্টোবর রাত ১২টা ৪০ মিনিটে মহানন্দা ব্যাটালিয়নের (৫৯ বিজিবি) অধীনস্থ তেলকুপি বিওপির একটি বিশেষ টহল দল অভিযান পরিচালনা করে।
টহল দলটি সীমান্ত পিলার ১৭৯/৪-এস থেকে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে জমিনপুর গ্রামস্থ ঈদগাহ মাঠ এলাকায় তল্লাশি চালিয়ে মালিকবিহীন অবস্থায় ৫০টি বিভিন্ন মডেলের ভারতীয় চোরাই মোবাইল ফোন আটক করতে সক্ষম হয়। জব্দকৃত এসব মোবাইলের আনুমানিক সিজার মূল্য ১২ লাখ ৫০ হাজার টাকা।
উদ্ধারকৃত মালামাল বিষয়ে বিজিবি’র পক্ষ থেকে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে।
অভিযানের বিষয়টি নিশ্চিত করে মহানন্দা ব্যাটালিয়নের (৫৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আল-আমিন অপু বলেন, “বিজিবি সীমান্তে সব ধরনের চোরাচালান প্রতিরোধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে নিরলসভাবে দায়িত্ব পালন করে যাচ্ছে। দেশের সার্বভৌমত্ব রক্ষা ও অবৈধ চোরাচালান বন্ধে ৫৯ বিজিবির এমন কঠোর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”