
সুজন চন্দ্র দাস
দাউদকান্দি (কুমিল্লা)
কুমিল্লার দাউদকান্দিতে ৫ হাজার ১০০ পিস নকল ইয়াবা, এক কেজি গাঁজা ও মাদক সেবন এবং পরিমাপের সরঞ্জামসহ দুইজনকে আটক করেছে পুলিশ।
রোববার (১ নভেম্বর) সকাল পৌনে ৮টার দিকে দাউদকান্দি পৌরসভার তালতলী গ্রামের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কসংলগ্ন আব্দুর রহিমের গাড়ির গ্যারেজে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন দাউদকান্দি উত্তর ইউনিয়নের গোলাপেরচর এলাকার মো. রাশেদ (৩৩) এবং ঢাকারগাঁও এলাকার মো. আব্দুর রহিম (৩৭)।
দাউদকান্দি মডেল থানা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই রবিউল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে ওই গ্যারেজে অভিযান পরিচালনা করেন। এ সময় তাঁদের হেফাজত থেকে ৫ হাজার ১০০ পিস নকল ইয়াবা, এক কেজি গাঁজা, ইয়াবা সেবনের সরঞ্জাম এবং ইয়াবা ও গাঁজা পরিমাপের মেশিন উদ্ধার করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম পলাশ ও আটককৃত আসামীদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের শেষে রবিবার দুপুরে কুমিল্লা আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।