
ঠাকুরগাঁও প্রতিনিধি :
দুবাইয়ে কর্মসূত্রে পরিচয়, এরপর বন্ধুত্ব থেকে প্রেম। সেই প্রেমের পরিণতি গড়ায় বিয়েতে। দুবাইয়ের আদালতে বিয়ে করে শুরু করেন দাম্পত্য জীবন। ভালোবাসার টানে এবার ভারতের কেরালা রাজ্য থেকে বাংলাদেশের ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে স্বামীর বাড়িতে এসেছেন অশ্বিনী ওরফে আয়শা নামের এক তরুণী। ভিনদেশি এই নববধূকে একনজর দেখতে প্রতিদিনই তাঁর শ্বশুরবাড়িতে ভিড় করছেন আশপাশের এলাকার উৎসুক মানুষ।
অশ্বিনীর স্বামী মাসুদ রানা ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার জাবরহাট ইউনিয়নের হাজীপাড়া গ্রামের বাসিন্দা।
শনিবার মাসুদ রানার বাড়িতে গিয়ে জানা যায়, জীবিকার সন্ধানে ২০২১ সালের শেষ দিকে দুবাই পাড়ি জমান তিনি। সেখানে একটি রেস্তোরাঁয় কাজ শুরু করেন। প্রায় তিন বছর পর একই রেস্তোরাঁয় ক্যাশিয়ার হিসেবে যোগ দেন ভারতের কেরালা রাজ্যের তরুণী অশ্বিনী। একই প্রতিষ্ঠানে কাজ করার সুবাদে তাঁদের মধ্যে পরিচয় হয়। ধীরে ধীরে সেই পরিচয় ঘনিষ্ঠতায় রূপ নেয়, একপর্যায়ে দুজনের মধ্যে গড়ে ওঠে প্রেমের সম্পর্ক।
মাসুদ রানা জানান, একে অপরকে ভালোবেসে তাঁরা দুবাইয়ের আদালতে বিয়ে করেন। বিয়ের পর সেখানে বাসা ভাড়া নিয়ে প্রায় দুই বছর ধরে একসঙ্গে সংসার করছেন। সম্প্রতি তিনি দেশে ফিরে আসেন। পরে ভারত থেকে বাংলাদেশে এসে স্বামীর বাড়িতে ওঠেন অশ্বিনী।
অশ্বিনী জানান, দুবাইয়ের ওই রেস্তোরাঁয় কাজ করার সময় মাসুদ রানার সঙ্গে তাঁর পরিচয় হয়। প্রথমে ভালো লাগা, পরে ভালোবাসা। দুজনের পারস্পরিক পছন্দ ও সম্মতিতেই তাঁরা বিয়ের সিদ্ধান্ত নেন। তাঁর পরিবারও এ সম্পর্ক ও বিয়ে মেনে নিয়েছে। স্বামীর পরিবারের সদস্যরাও তাঁকে সাদরে গ্রহণ করেছেন।
অশ্বিনী বলেন, শ্বশুরবাড়ির সবাই খুব ভালো মানুষ। তাঁরা তাঁকে আপন করে নিয়েছেন। মাসুদ রানাকে জীবনসঙ্গী হিসেবে পেয়ে তিনি খুবই খুশি। নতুন পরিবেশ ও নতুন পরিবারের সঙ্গে মানিয়ে নিতে তাঁর ভালোই লাগছে।
মাসুদ রানার মা জানান, দুবাইয়ে কাজ করার সময় তাঁর ছেলের সঙ্গে অশ্বিনীর পরিচয় ও প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে তাঁরা বিয়ে করেন। বিষয়টি জানার পর পরিবারের সবাই তাঁদের সম্পর্ক মেনে নেন। পুত্রবধূকে তাঁরা পরিবারের একজন সদস্য হিসেবেই গ্রহণ করেছেন।
ভিন্ন দেশ, ভিন্ন ভাষা ও সংস্কৃতির ব্যবধান পেরিয়ে ভালোবাসার টানে অশ্বিনীর পীরগঞ্জে আসা এখন হাজীপাড়া গ্রামের মানুষের মধ্যে কৌতূহল ও আলোচনার বিষয় হয়ে উঠেছে। প্রতিদিনই আশপাশের মানুষ নবদম্পতিকে দেখতে তাঁদের বাড়িতে আসছেন।