
মোঃ আব্দুল আজিজ শেখ নওগাঁঃ
নওগাঁর নিয়ামতপুরে ট্রেড লাইসেন্স সেবা সহজীকরণ এবং স্থানীয় সরকার ও ব্যবসায়ীদের মধ্যে সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর ২০২৬) উপজেলা পরিষদ অডিটোরিয়ামে, সুইজারল্যান্ড সরকারের অর্থায়নে এবং ওয়াটারএইড বাংলাদেশ ও সুইসকন্ট্যাক্ট বাংলাদেশ কনসোর্টিয়ামের কারিগরি সহযোগিতায় ইকো-সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)-এর ‘গোফরইমপ্যাক্ট’ প্রকল্পের সহযোগিতায় এ সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিয়ামতপুর উপজেলা নির্বাহী অফিসার মোছা. মুর্শিদা খাতুন।
এ সময় আরও উপস্থিত ছিলেন নিয়ামতপুর বণিক সমিতির সভাপতি মো. হায়দার আলী, নিয়ামতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যবৃন্দ, প্রশাসনিক কর্মকর্তা, স্থানীয় ব্যবসায়ী এবং ক্ষুদ্র উদ্যোক্তারা।
সভায় ট্রেড লাইসেন্স প্রাপ্তির প্রক্রিয়া সহজীকরণ, সেবার মান উন্নয়ন, স্থানীয় সরকার প্রতিষ্ঠানের সঙ্গে ব্যবসায়ীদের পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং ক্ষুদ্র উদ্যোক্তাদের ব্যবসা পরিচালনায় বিদ্যমান সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়।
বক্তারা বলেন, ব্যবসাবান্ধব পরিবেশ সৃষ্টি, ট্রেড লাইসেন্স সেবা আরও সহজ ও হয়রানিমুক্ত করা এবং স্থানীয় সরকার ও ব্যবসায়ীদের মধ্যে কার্যকর সমন্বয় প্রতিষ্ঠা করা গেলে স্থানীয় অর্থনৈতিক উন্নয়ন আরও ত্বরান্বিত হবে।
সভায় অংশগ্রহণকারীরা ট্রেড লাইসেন্স সেবা সহজীকরণে নিজ নিজ অবস্থান থেকে সহযোগিতা করার আশাবাদ ব্যক্ত করেন।