
মোঃ হেলাল উদ্দিন, স্টাফ রিপোর্টার:
গাজীপুরের ৮ ছিনতাইকারী চক্রের সদস্যকে গ্রেফতার করেছে র্যাব-১।
আজ রবিবার দুপুরে র্যাব-১ এর সহকারী পুলিশ সুপার (এএসপি) মাহফুজুর রহমান গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন।
গত শনিবার বিকেল ৪টায় টঙ্গী রেলস্টেশন এলাকা হতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো, গাজীপুর মহানগরীর টঙ্গী পূর্ব থানা এলাকার আবুল হাসেমের ছেলে ওয়াসিম (২৫), ব্রাহ্মণবাড়ীয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার জালাল মিয়ার ছেলে আল আমিন (৩২), গাজীপুরের শ্রীপুর উপজেলার লিটন মিয়ার ছেলে রাজু মিয়া (২১), কিশোরগঞ্জ সদর উপজেলার জাহেদ মিয়ার ছেলে আসাদুজ্জামান তমাল (২২), একই থানার জাহেদ মিয়ার ছেলে ফরিদ (২৬), গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার রফিকুল ইসলামের ছেলে সাগর হোসেন (২৬), পঞ্চগড় সদর উপজেলার আব্দুল মালেকের ছেলে আব্দুল মজিদ মুন্না (৩২) এবং হবিগঞ্জের বানিয়াচং উপজেলার সাইফুল ইসলামের ছেলে রাসেল (৩০)।
এসময় তাদের কাছ থেকে ৮ টি ছুরি ৯ টি মোবাইল এবং নগদ টাকা উদ্ধার করে।
র্যাব-১ এর সহকারী পুলিশ সুপার (এএসপি) মাহফুজুর রহমান জানান, আসন্ন ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের সদস্যরো টঙ্গী ও বিমান বন্দর এলাকায় সক্রিয় রয়েছে। এমন তথ্যের ভিত্তিতে র্যাব গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ছিনতাই কাজে জড়িত সংঘবদ্ধ চক্রের সদস্যদেরকে গ্রেফতার করে।
তিনি আরো জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা স্বীকার করে তারা নিরীহ মানুষকে অস্ত্রাঘাত করে, প্রাইভেটকার, মোটর সাইকেল, গাড়ী, টাকা পয়সা, মোবাইল ও স্বর্ণালংকার ছিনতাই করে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।