
শাহেদ আহমেদ,
সাতক্ষীরা প্রতিনিধি:
সাতক্ষীরাসহ যশোর রিজিয়নের সীমান্তবর্তী এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে গত আড়াই মাসে ৮২ কোটি ৩৫ লাখ টাকার বেশি মূল্যের অবৈধ মাদকদ্রব্য ও চোরাচালানি পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসব ঘটনায় আন্তঃসীমান্ত অপরাধে জড়িত থাকার অভিযোগে ১৫২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে সাতক্ষীরার নীলডুমুর ব্যাটালিয়ন (১৭ বিজিবি) সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে অভিযানের বিস্তারিত তুলে ধরেন ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খন্দকার আবু সহল আব্দুল্লাহ। তিনি জানান, ২০২৬ সালের ১ সেপ্টেম্বর থেকে ১০ নভেম্বর পর্যন্ত যশোর রিজিয়নের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় পরিচালিত নিয়মিত ও বিশেষ অভিযানে ৫১ কোটি ৯৮ লাখ টাকার বেশি মূল্যের মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। জব্দ করা মাদকের মধ্যে রয়েছে ৩১ হাজার ১৬ বোতল ফেনসিডিল, ৪ হাজার ৭৬২ বোতল মদ, ৬৪ হাজার ৩১ পিস ইয়াবা, ৩ দশমিক ১৩ কেজি হেরোইন এবং ২৪০ গ্রাম গাঁজা। এ ছাড়া সীমান্ত দিয়ে পরিচালিত বিভিন্ন চোরাচালানবিরোধী অভিযানে ৩০ কোটি ৩৮ লাখ টাকার বেশি মূল্যের পণ্য জব্দ করা হয়েছে। এর মধ্যে রয়েছে প্রায় ৯ কেজি স্বর্ণ। পাশাপাশি পাঁচটি অবৈধ আগ্নেয়াস্ত্র ও ছয় রাউন্ড তাজা গুলিও উদ্ধার করা হয়েছে। বিজিবি সূত্র জানায়, যশোর রিজিয়নের আওতাধীন প্রায় ৬০০ কিলোমিটার সীমান্ত সুরক্ষায় দুটি সেক্টরের অধীনে সাতটি ইউনিটের ১১৩টি বর্ডার আউটপোস্ট (বিওপি) সার্বক্ষণিক দায়িত্ব পালন করছে। সীমান্তে অপরাধ প্রতিরোধে প্রতিদিন দিন-রাত মিলিয়ে অন্তত ৪৫২টি টহল পরিচালনা করা হচ্ছে। সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ, মানবপাচার, পুশইন এবং অন্যান্য আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধে গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। একই সঙ্গে স্থানীয় প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে অপরাধ দমনে কাজ করছে বিজিবি। সংবাদ সম্মেলনে লেফটেন্যান্ট কর্নেল খন্দকার আবু সহল আব্দুল্লাহ বলেন, “সীমান্তের অখণ্ডতা রক্ষা, দেশের সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থ সংরক্ষণে বিজিবি সর্বদা বদ্ধপরিকর। মাদক, অস্ত্র চোরাচালান ও মানবপাচার প্রতিরোধে গোয়েন্দা তৎপরতা এবং নিয়মিত ও বিশেষ টহল কার্যক্রম আরও জোরদার করা হবে।” তিনি আরও বলেন, সীমান্ত অপরাধ দমনে বিজিবির কঠোর অবস্থান অব্যাহত থাকবে। কোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডকে ছাড় দেওয়া হবে না। সংবাদ সম্মেলনে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার স্থানীয় সাংবাদিকেরা উপস্থিত ছিলেন। এদিকে সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযানের বিষয়ে স্থানীয় সচেতন মহল সন্তোষ প্রকাশ করেছেন।