
এম,এস,এ রেজা ( শুভ্র শাওন) :
ময়মনসিংহে আওয়ামী লীগের জেলা, মহানগর, উপজেলা এবং ইউনিয়নসহ অন্যান্য ইউনিটগুলোতে নিয়মিত কমিটি হলেও নজর নেই ময়মনসিংহ সদর উপজেলা কমিটি গঠনে। সদর উপজেলার কমিটি মেয়াদোত্তীর্ণ হয়েছে অনেক আগেই। দীর্ঘ প্রায় ২০ বছর আগের কমিটি দিয়ে নামে মাত্র চলছে কার্যক্রম।
সদর উপজেলা আওয়ামী লীগের কমিটি সর্বশেষ কবে হয়েছে তাও ভুলতে বসেছেন খোদ ওই কমিটির অনেক সদস্য।
ময়মনসিংহের রাজনীতির মাঠে সব সময় সরব ছিল দলটি, বর্তমানেও মাঠে সক্রিয়। ময়মনসিংহের তৃণমূল পর্যায়ের দলটির সমর্থক ও নেতাকর্মীরা তাদের যোগ্যতা ও দক্ষতা দিয়ে উপজেলা, জেলা এমনকি দলটির কেন্দ্রীয় কমিটিতে বিভিন্ন সময় গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছে। কিন্তু সদর উপজেলায় দীর্ঘদিন কমিটি না হওয়ায় ভাটা পড়ছে সাংগঠনিক কার্যক্রমে।
এদিকে, আগামী ৩ ডিসেম্বর ময়মনসিংহ জেলা ও মহানগর আওয়ামী লীগের সম্মেলনের তারিখ ঘোষণা হলেও এখন পর্যন্ত সদর উপজেলা আওয়ামী লীগের সম্মেলনের বিষয়ে কোনো নির্দেশনা না আসায় হতাশ হয়ে পড়েছেন তৃণমূলের নেতাকর্মীরা।
আওয়ামী লীগের গঠনতন্ত্র অনুযায়ী জেলা-উপজেলা এবং থানা ও ইউনিয়ন কমিটি ত্রি-বার্ষিক সম্মেলনের মাধ্যমে তাদের নেতা নির্বাচিত করেন। কিন্তু সদর উপজেলার কমিটির মেয়াদ প্রায় ২০ বছর হয়ে গেলেও তা গঠনের কোনো উদ্যোগ নেই। এই দুই দশকে কমিটির সভাপতিসহ প্রায় এক চতুর্থাংশ নেতাকর্মী মৃত্যুবরণ করায় গতিহীন হয়ে পড়ছে সদরের দলীয় কার্যক্রম। উঠে আসছে না নতুন নেতৃত্ব। আবার পদপ্রত্যাশীরা দীর্ঘদিন পদ-পদবির বাইরে থাকায় তারাও অনেকটা নিষ্ক্রিয় হয়ে পড়ছেন। এ উপজেলায় ত্যাগী নেতাকর্মীরা ভুগছেন হতাশায়।
নেতাকর্মীদের অভিযোগ, অজ্ঞাত কারণ ও জেলা নেতাদের স্বদিচ্ছার অভাবে হচ্ছে না নতুন কমিটি। ফলে ত্যাগী নেতাকর্মীরা বিমূখ হয়ে পড়ছেন স্থানীয় রাজনীতি থেকে।
সদর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি অ্যাডভোকেট আবুল কাশেম বলেন, আনুমানিক প্রায় ২০ বছর আগে সম্মেলনের মাধ্যমে কমিটি গঠিত হয়েছিল তা মনে আছে। তবে এর সঠিক তারিখ মনে নেই। বর্তমান কমিটির ৭১ সদস্যের মধ্যে সভাপতিসহ অনেক গুরুত্বপূর্ণ সদস্যের মৃত্যু হয়েছে। কমিটির সাধারণ সম্পাদকও বর্তমানে ময়মনসিংহ সিটি করপোরেশনের কাউন্সিলর। তাই কমিটির সাংগঠনিক কার্যক্রম অনেকটা স্থবির। শুনেছি ডিসেম্বরে জেলার সম্মেলন হবে।
সদর উপজেলার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমদাদুল হক মণ্ডল বলেন, ২০০৩ সালের মে মাসে সম্মেলনের মাধ্যমে সদর উপজেলা আওয়ামী লীগের কমিটি গঠন হয়েছিল।
ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল বলেন, জেলার অধীনে বিভিন্ন ইউনিটগুলোতে নতুন কমিটি গঠনের কার্যক্রম চলমান রয়েছে। ইউনিয়নগুলোর কমিটি না থাকা ও সময়স্বল্পতার কারণে সদরে নতুন কমটি গঠন করা সম্ভব হয়নি। জেলা সম্মেলনের পর দ্রুত সময়ে সদর উপজেলা আওয়ামী লীগের কমিটি গঠনে উদ্যোগ নেওয়া হবে। তিনি আরো জানান, সদর উপজেলা কমিটি ছাড়া জেলা সম্মেলন করতে সাংগঠনিক কোনো বাধা নেই।