
মোঃ মাসুদ রানা, ঝিনাইদহ
জেলা প্রতিনিধি,
আগামীতে ক্ষমতায় যাওয়ার লক্ষ্যে জামায়াতে ইসলামী আধিপত্যবাদী ভারতের সঙ্গে লিয়াজোঁ শুরু করেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। তিনি অভিযোগ করেন, আগে আওয়ামী লীগ ক্ষমতায় টিকে থাকতে ভারতকে তোষণ করত। এখন জামায়াতও একই পথে হাঁটছে। ক্ষমতায় যাওয়ার উদ্দেশ্যে দলটির শীর্ষ নেতারা ভারতের গোয়েন্দা সংস্থার কর্মকর্তাদের সঙ্গে গোপনে বৈঠক করছেন বলেও দাবি করেন তিনি।
ঠাকুরগাঁও উপনির্বাচনে জামায়াতের প্রার্থীর পরাজয়ের প্রসঙ্গ টেনে রাশেদ খান বলেন, জামায়াতের ‘জান্নাতের টিকিট’ বিক্রির রাজনীতি মানুষ আর গ্রহণ করছে না। জাতীয় নির্বাচনে সফল হলেও ঠাকুরগাঁও উপনির্বাচনে তারা ব্যর্থ হয়েছে।
শুক্রবার (৩০ অক্টোবর) ঝিনাইদহ পুরাতন ডিসি কোর্ট মসজিদে জুমার নামাজ আদায় শেষে স্থানীয়দের সঙ্গে কুশল বিনিময় করেন রাশেদ খান। পরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
এ সময় ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি এম এ মজিদ, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা এবং বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।