
মোঃ রাজিব
পটুয়াখালী প্রতিনিধি:
পটুয়াখালীর কলাপাড়ায় লোবেটের সাথে ধাক্কা লেগে বাবলু মৃধা নামে (২৭) এক যুবকের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন চিনময় নামে আরো এক স্কুল শিক্ষক। তারও একটি হাত ভেঙ্গে গেছে। মঙ্গলবার রাত সাড়ে এগারোটার দিকে উপজেলার নীলগঞ্জ ইউপির ইসলামপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত বাবলু ঝালকাঠি জেলার রাজাপুর থানার চারাখালি গ্রামের মৃত আছমত আলীর ছেলে।
স্থানীয়রা জানান, একটি অটোরিকশাযোগে কলাপাড়া-কুয়াকাটা মহাসড়ক দিয়ে নীলগঞ্জ দক্ষিণ দৌলতপুর শশুর বাড়িতে যাচ্ছিলেন বাবলু। এ সময় একটি পরিবহনকে পাশ কাটাতে গেলে সড়কের পাশে লাইট বন্ধ করে থামিয়ে রাখা লোবেটের সাথে ধাক্কা লাগে যাত্রি বোঝাই অটোরিকশাটির। এতে অটোরিকশার দুই যাত্রী গুরুতর আহত হন। পরে আহতদের উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে গেলে দায়ীত্বরত চিকিৎসক বাবলুকে মৃত ঘোষণা করেন।
কলাপাড়া থানার ওসি মো. জসীম জানান, লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। এছাড়া জিজ্ঞাসাবাদের জন্য লোবেট চালককে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। তবে মৃত ব্যক্তির পরিবার অভিযোগ দিলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।