
নিজেস্ব প্রতিনিধি:
শরীয়তপুরের জাজিরায় রপ্তানিযোগ্য বিভিন্ন জাতের কচু উৎপাদন ও উদ্যোগক্তা তৈরির লক্ষ্যে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২-জুন) কন্দাল জাতীয় ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় উপজেলা প্রশিক্ষণ হলে দিনব্যাপী চলে এই প্রশিক্ষণ কর্মশালা।
প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত ছিলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামার বাড়ির ক্রপস উইং এর অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মোঃ রবিউল হক মজুমদার, কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক কৃষিবিদ মোখলেছুর রহমান ও উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ জামাল হোসেন।
এসময় উপস্থিত কৃষি কর্মকর্তারা বলেন, শস্যভান্ডার হিসেবে পরিচিত জাজিরা উপজেলায় বিভিন্নরকম ফসল উৎপাদন হয়ে আসছে। জাজিরার মাটি কচু চাষের জন্য উপযোগী। অধিক লাভজনক কচুর মধ্যে রয়েছে ওলকচু, পানিকচু ও লতি কচু। এসব কচু আমাদের উৎপাদন বাড়াতে হবে। আমরা এসব কচু দেশের বাইরে রপ্তানি করে থাকি। দেশের বাইরে এসব কচুর চাহিদা ব্যাপক।
চলমান প্রশিক্ষণে কচু জাতীয় ফসল উৎপাদন, মান বজায় রাখা, আধুনিক কৃষি চর্চার পাশাপাশি বৈদেশিক মুদ্রা অর্জনের লক্ষ্যে রপ্তানি পর্যন্ত প্রতিটি ধাপ বিষয়ে উদ্যোগক্তাদের হ্যান্ডস অন ট্রেনিং প্রদান করা হয়।
প্রশিক্ষণ কর্মশালায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা অর্ধশত কৃষক কৃষাণী ও রপ্তানির সাথে জড়িত ব্যবসায়ী, রপ্তানিকারকরা অংশগ্রহণ করেন।
প্রশিক্ষণ কর্মশালা সম্পর্কে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ জামাল হোসেন বলেন, কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের মাধ্যমে উপজেলায় উপজেলার কৃষিতে পরিবর্তন এসেছে। এবছর প্রায় ৩৭ মে.টন কচু ও কচুর লতি ইউরোপ সহ বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি করা হয়েছে।