
ইকবাল হোসেন
ময়মনসিংহ :
ময়মনসিংহের ত্রিশাল উপজেলার বালিপাড়া-আমিয়ান ডাংগুরী গ্রামের বিশিষ্ট আলেম ও সমাজসেবক আলহাজ্ব মাওলানা আজিজুল হক গতকাল রাতের দিকে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মৃত্যুসংবাদ শুনে জাতীয়তাবাদী ওলামা দলের কেন্দ্রীয় নেতা ও ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনের বিএনপি মনোনয়নপ্রত্যাশী হাফেজ মাওলানা মাহমুদুল হাসান শামীম বৈরী আবহাওয়া উপেক্ষা করে সশরীরে মরহুমের বাড়িতে উপস্থিত হয়ে পরিবারের খোঁজখবর নেন।
এ সময় তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন।
উল্লেখ্য, আলহাজ্ব মাওলানা আজিজুল হক ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী হিসেবে ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনে অংশগ্রহণ করেছিলেন। জীবদ্দশায় তিনি ধর্মীয় ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রেখে এলাকার মানুষের ভালোবাসা অর্জন করেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই পুত্র, পাঁচ কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন। বৈরী আবহাওয়ার মধ্যেও আজ বিকেলে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়, যেখানে বিপুল সংখ্যক স্থানীয় মুসল্লি ও শুভানুধ্যায়ী অংশগ্রহণ করেন।