
মোঃ মাসুদ বিপ্লব, ঠাকুরগাঁও প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবিধানের ৭০ অনুচ্ছেদকে “কালো আইন” আখ্যা দিয়ে তা বাতিলের ঘোষণা দিয়েছেন। তিনি বলেন, “দলের ৩১ দফায় এই অনুচ্ছেদ বাতিলের কথা বলা হয়েছে, তবে রাষ্ট্রের সার্বভৌমত্ব ও নিরাপত্তা সংক্রান্ত কয়েকটি ব্যতিক্রম বাদ দিয়ে অন্যান্য ক্ষেত্রে সংসদ সদস্যদের পূর্ণ স্বাধীনতা থাকবে।”
গতকাল ১৪ অক্টোবর (মঙ্গলবার) ঠাকুরগাঁও শিল্পকলা মিলনায়তনে সদর উপজেলা ও রুহিয়া থানা বিএনপির বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন ঠাকুরগাঁও জেলা বিএনপি সভাপতি মির্জা ফয়সাল আমীন এবং উপস্থিত ছিলেন দলের সাধারণ সম্পাদক পয়গাম আলীসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, “৭০ অনুচ্ছেদের কারণে গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা চাই একটি গণতান্ত্রিক সংসদ, যেখানে মত প্রকাশের স্বাধীনতা থাকবে।” তিনি আরও বলেন, “সংসদের বাইরে নয়, সংসদের ভেতরেই মতভেদ হোক—এটাই গণতন্ত্র।”