
বগুড়া জেলা প্রতিনিধি
ওহাব সরকার :
বগুড়ার শাজাহানপুর উপজেলার নগর জে এম ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ বিলাল বিন নওয়াব গত দুই দিন ধরে নিরুদ্দেশ রয়েছেন।
স্থানীয় এলাকাবাসীর দাবি, পছন্দের প্রার্থীকে সভাপতি নির্বাচিত করতে না পারায় তিনি হঠাৎ নিরুদ্দেশ হয়ে যান।
এদিকে, ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলরের নির্দেশক্রমে গত ২৩ অক্টোবর ২০২৫ তারিখে, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোঃ আইউব হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে আলতাফ হোসেনকে নগর জে এম ফাজিল মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি হিসেবে মনোনীত করা হয়।
তবে গোপন সূত্রে জানা গেছে, নবনিযুক্ত সভাপতি পরিবর্তনের লক্ষ্যে অধ্যক্ষ ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ে বিভিন্নভাবে চেষ্টা চালানোর উদ্দেশ্যে বর্তমানে অধ্যক্ষ ঢাকায় অবস্থান করছেন।
মাদ্রাসা কর্তৃপক্ষ জানিয়েছে, অধ্যক্ষের অবস্থান বা ছুটির বিষয়ে তারা এখনো নিশ্চিত কোনো তথ্য পাননি। প্রতিষ্ঠানের শিক্ষক আব্দুল মান্নান বলেন, “গত দুই দিন ধরে অধ্যক্ষ প্রতিষ্ঠানে আসছেন না। তিনি ছুটি নিয়েছেন কি না, আমরা জানি না।”
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাহবুবুল হোসেন বলেন, “তিনি কোথায় আছেন, সে বিষয়ে আমাদের কিছু জানা নেই। ছুটির বিষয়েও কিছু জানানো হয়নি।”
এ বিষয়ে অধ্যক্ষ বিলাল বিন নওয়াবের সঙ্গে সকাল থেকে একাধিকবার ফোন ও বার্তার মাধ্যমে যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।