
নিজস্ব প্রতিনিধি
মোঃ গোলাম মোস্তফা :
মাত্র চতুর্থ শ্রেণির শিক্ষার্থী মরিয়ম। মাত্র ২২ দিন আগে একই সঙ্গে হারিয়েছে তার বাবা-মা—নির্ভরতার দুটি অবলম্বন। তিন বছরের ছোট ভাই ইসমাইলকে নিয়ে এখন এই শিশুই লড়ছে বেঁচে থাকার সংগ্রামে। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া মরিয়মের মানবিক গল্প পৌঁছেছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে।
তার নির্দেশে ও পক্ষ থেকে শনিবার (৮ নভেম্বর) বিকেলে পাবনার ভাঙ্গুড়া উপজেলার খাঁনমরিচ ইউনিয়নের মাদারবাড়িয়া গ্রামে মরিয়মের সঙ্গে সাক্ষাৎ করতে যান ‘আমরা বিএনপি পরিবার’ সংগঠনের একটি প্রতিনিধি দল।
সাক্ষাৎ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী শামছুর রহমান শিমুল বিশ্বাস।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা-৩ (চাটমোহর–ভাঙ্গুড়া–ফরিদপুর) আসনের বিএনপির প্রাথমিক মনোনয়নপ্রাপ্ত প্রার্থী ও জাতীয়তাবাদী কৃষক দলের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন, এবং পাবনা জেলা বিএনপির সদস্য সচিব এডভোকেট মাসুদ খন্দকার।
এ সময় আরও উপস্থিত ছিলেন ভাঙ্গুড়া উপজেলা বিএনপির আহ্বায়ক নূর মুজাহিদ স্বপন, সদস্য সচিব মোঃ জাফর ইকবাল হিরো, যুবদলের আহ্বায়ক ফরিদুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ বুরুজ হোসেন, উপজেলা ছাত্রদলের সদস্য সচিবসহ স্থানীয় নেতাকর্মীরা।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন। তাঁর নেতৃত্বে সংগঠনটির উপদেষ্টা, সদস্য সচিব ও অন্যান্য সদস্যরাও মরিয়মের পরিবারের পাশে দাঁড়ান।
সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, মানবিক দায়িত্ববোধ থেকেই এই সহায়তা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। মরিয়ম ও তার ছোট ভাই ইসমাইলের ভবিষ্যৎ জীবনযাত্রায় সার্বিক সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন সংগঠনের নেতারা।