
শরীয়তপুর প্রতিনিধি:
আইনশৃঙ্খলা রক্ষা, মাদক উদ্ধার, গ্রেপ্তারি পরোয়ানা তামিল এবং অপহৃত ভিকটিম ও নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ দ্বিতীয়বারের মতো শরীয়তপুর জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন জাজিরা থানার ওসি মো. সালেহ আহাম্মদ।
বুধবার (১৯ আগস্ট) শরীয়তপুর জেলা পুলিশের উদ্যোগে আয়োজিত বিশেষ কল্যাণ সভায় তাকে এ সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে জেলার ঊর্ধ্বতন কর্মকর্তাসহ পুলিশ সদস্যদের উপস্থিতিতে শ্রেষ্ঠ ওসির হাতে সম্মাননা স্মারক ও পুরস্কার তুলে দেন শরীয়তপুর জেলার পুলিশ সুপার রওনক জাহান।
সূত্রে জানা গেছে, জাজিরা থানা এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, মাদকবিরোধী অভিযান পরিচালনা, গ্রেপ্তারি পরোয়ানা দ্রুত তামিল এবং অপহৃত ভিকটিম ও নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারে ধারাবাহিকভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় মো. সালেহ আহাম্মদকে জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে নির্বাচিত করা হয়।
এর আগে একবারও তিনি জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত হয়েছিলেন। এবার দ্বিতীয়বারের মতো এ স্বীকৃতি পেলেন তিনি।
পুরস্কারপ্রাপ্তির অনুভূতি প্রকাশ করে জাজিরা থানার ওসি মো. সালেহ আহাম্মদ বলেন, “এই অর্জন আমার একার নয়; জাজিরা থানার প্রতিটি পুলিশ সদস্যের কঠোর পরিশ্রম ও সম্মিলিত প্রচেষ্টার ফসল।”
তিনি বলেন, দায়িত্ব পালনে সহকর্মীদের সহযোগিতা এবং সাধারণ মানুষের আস্থা ও সহযোগিতা এ অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
ভবিষ্যতেও জাজিরা এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদক ও অপরাধ দমনে কার্যকর ভূমিকা পালন এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে আরও সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।