
কেরানীগঞ্জ প্রতিনিধি:
ঢাকার কেরানীগঞ্জের কালিন্দী সোনার বাংলা হাউজিংয়ের একটি আবাসিক ভবন থেকে শারমিন আক্তার তানিয়া (৩০) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় নিহতের স্বামী আসিফ হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছে।
আটক আসিফ হোসেন রাজধানীর কদমতলী থানার আলমবাগ এলাকার মো. শফিকের ছেলে। তিনি স্ত্রী তানিয়াকে নিয়ে কেরানীগঞ্জ মডেল থানার কালিন্দী এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করতেন।
মঙ্গলবার (৮-ই সেপ্টেম্বর) বিকেলে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর পেয়ে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালের মর্গে পাঠানো হয়।
কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল কুদ্দুস জানান, সোনার বাংলা হাউজিংয়ে একটি ছয়তলা ভবনের পঞ্চম তলার একটি ফ্ল্যাট থেকে তানিয়ার মরদেহ উদ্ধার করা হয়েছে। ওই ফ্ল্যাটে নিহত নারী ও তার স্বামী একসঙ্গে বসবাস করতেন।
পুলিশ জানায়, ঘটনাস্থল থেকে একটি ধারালো চাপাতি ও একটি খেলনা হ্যান্ডকাফ উদ্ধার করা হয়েছে। ঘটনাটি রহস্যজনক হওয়ায় প্রাথমিকভাবে হত্যাকাণ্ডের সম্ভাবনাসহ বিভিন্ন বিষয় খতিয়ে দেখা হচ্ছে।
ওসি রুহুল কুদ্দুস আরও জানান, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। ঘটনার সঙ্গে কারও সম্পৃক্ততা রয়েছে কি না, তা তদন্তের মাধ্যমে বেরিয়ে আসবে।