
মোঃ আব্দুল আজিজ শেখ নওগাঁঃ
রাজশাহী রেঞ্জে শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হওয়ায় নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামকে শুভেচ্ছা স্মারক প্রদান করেছে নওগাঁ জেলা প্রশাসন।
রোববার (১৮ অক্টোবর ২০২৬) নওগাঁ জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, ডাকাতি প্রতিরোধ, মাদকদ্রব্য উদ্ধার এবং প্রো-অ্যাকটিভ পুলিশিংয়ে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ তাঁকে এ শুভেচ্ছা স্মারক দেওয়া হয়।
সভায় নওগাঁর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাইফুল ইসলাম আনুষ্ঠানিকভাবে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের হাতে এই শুভেচ্ছা স্মারক তুলে দেন।
এ সময় স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা, সিভিল সার্জন, বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান এবং জেলা উন্নয়ন সমন্বয় কমিটির অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।
শুভেচ্ছা স্মারক গ্রহণের পর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম জেলা প্রশাসকসহ উপস্থিত সবাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, এ সম্মাননা নওগাঁ জেলা পুলিশের কাজের স্বীকৃতি। আগামী দিনেও জেলার অপরাধ প্রতিরোধ, মাদক নির্মূল এবং সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় আরও নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে কাজ করে যাবেন বলে জানান পুলিশ সুপার।
এ সময় তিনি আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ দমনে জেলা প্রশাসন, বিভিন্ন সরকারি দপ্তর ও সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করেন।
জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভায় পুলিশ সুপারকে এ শুভেচ্ছা স্মারক প্রদানের ফলে জেলার আইনশৃঙ্খলা রক্ষায় সংশ্লিষ্ট দপ্তরগুলোর সমন্বিত কার্যক্রমের গতি আরো বাড়বে বলে আশা প্রকাশ করেন।