
এ.কে পলাশ কুমিল্লা
বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে কুমিল্লায় বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। ডায়াবেটিস সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি, রোগ প্রতিরোধ এবং সময়মতো চিকিৎসা গ্রহণে মানুষকে উদ্বুদ্ধ করতে এ কর্মসূচির আয়োজন করা হয়।
শনিবার (১৪ নভেম্বর) সকালে কুমিল্লা ডায়াবেটিক সমিতির উদ্যোগে নগরীর টাউন হল মাঠ থেকে শোভাযাত্রাটি বের করা হয়। কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী শোভাযাত্রাটির উদ্বোধন করেন।মানচিত্র দেখুন
পরে শোভাযাত্রাটি নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় টাউন হল মাঠে এসে শেষ হয়।
কুমিল্লা ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক মোস্তাক মিয়ার সভাপতিত্বে র্যালিতে উপস্থিত ছিলেন কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আলী রাজিব মাহমুদ মিঠুন, সমিতির নেতৃবৃন্দ, চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী, সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।মানচিত্র দেখুন
শোভাযাত্রায় অংশগ্রহণকারীরা ডায়াবেটিসের ঝুঁকি, প্রতিরোধ ও নিয়ন্ত্রণ সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা তৈরির আহ্বান জানান। একই সঙ্গে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, সময়মতো রোগ শনাক্তকরণ এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।
আয়োজকরা জানান, ডায়াবেটিস একটি দীর্ঘমেয়াদি রোগ হলেও সচেতন জীবনযাপন, সুষম খাদ্যাভ্যাস, নিয়মিত শারীরিক পরিশ্রম ও স্বাস্থ্য পরীক্ষার মাধ্যমে এ রোগ নিয়ন্ত্রণে রাখা সম্ভব। তাই ডায়াবেটিসের ঝুঁকি কমাতে এবং রোগ সম্পর্কে মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে বিশ্বব্যাপী দিবসটি পালন করা হয়।
এ বছর বিশ্ব ডায়াবেটিস দিবসের প্রতিপাদ্য ছিল ‘ডায়াবেটিসে দেরি নয়, ব্যবস্থা নিন এখনই’। প্রতিপাদ্যের মূল লক্ষ্য হলো ডায়াবেটিস প্রতিরোধ, দ্রুত শনাক্তকরণ এবং কার্যকর চিকিৎসা নিশ্চিত করতে সবাইকে সচেতন ও উদ্যোগী করে তোলা।