
আবু হানিফ, আমতলী (বরগুনা):
বরগুনার আমতলীতে আওয়ামীলীগের ডাকা লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে ককটেল বিস্ফোরণ, যানবাহন ভাঙচুর ও বিক্ষোভ মিছিলের ঘটনায় ১২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকেলে গ্রেপ্তার ব্যক্তিদের আমতলী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে বিচারক তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবারের দেশব্যাপী লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে বুধবার রাতে আমতলী উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইসফাক আহমেদ ত্বোহা ও রাহাত মৃধার নেতৃত্বে দুই শতাধিক নেতাকর্মী শাখারিয়া এলাকায় বিক্ষোভ মিছিল করেন। এ সময় ককটেল বিস্ফোরণ ও যানবাহন ভাঙচুরের ঘটনা ঘটে। পরে পুলিশ অভিযান চালিয়ে ১২ জনকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন নাঈম হাওলাদার, জোবায়ের মৃধা, রাশেদুল হাওলাদার, নাঈম খান, শুভঙ্কর দাস, জাবের ইসলাম, সিফাত আকন, রাব্বি আকন, সাইমুন হাওলাদার, ইমরান, নাঈম ও আমতলী পৌর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মো. আরিফ হোসেন।
বৃহস্পতিবার বিকেলে তাঁদের আদালতে সোপর্দ করা হলে বিচারক মো. ইফতি হাসান ইমরান কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আমতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইয়াকুব হোসাইন বলেন, এ ঘটনায় ১২ জনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।
আদালতের সিএসআই মো. আনোয়ার হোসেন জানান, গ্রেপ্তার ১২ জনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।