
নিজস্ব প্রতিবেদক :
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার ৭ নং তমরদ্দি ইউনিয়ন পরিষদের আসন্ন নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) তমরদ্দি ইউনিয়ন শাখার আহ্বায়ক মো. সোহেল রানা। তাঁর প্রার্থী হওয়ার ঘোষণাকে ঘিরে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আলোচনা শুরু হয়েছে।
মো. সোহেল রানা দীর্ঘদিন ধরে তমরদ্দি ইউনিয়নের বিভিন্ন সামাজিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। এলাকার রাস্তাঘাট মেরামত, গরিব ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো, বিপদে-আপদে সহযোগিতাসহ বিভিন্ন জনকল্যাণমূলক কাজে তাঁর ভূমিকা রয়েছে বলে স্থানীয়রা জানান।
স্থানীয় বাসিন্দাদের মতে, সোহেল রানা চেয়ারম্যান নির্বাচিত হলে ইউনিয়নের অবকাঠামোগত উন্নয়ন, রাস্তাঘাটের সংস্কার এবং সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখতে পারবেন। বিশেষ করে সাধারণ মানুষের সঙ্গে তাঁর যোগাযোগ ও সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ততার কারণে তাঁকে নিয়ে আশাবাদী অনেকেই।
এদিকে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে তমরদ্দি ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে আলোচনা চলছে। এরই মধ্যে চেয়ারম্যান পদে সোহেল রানাকে দেখতে চান বলে মত প্রকাশ করেছেন এলাকাবাসী।।
স্থানীয়দের প্রত্যাশা, নির্বাচিত হলে তিনি দল-মতনির্বিশেষে সব শ্রেণি-পেশার মানুষের পাশে দাঁড়াবেন এবং তমরদ্দি ইউনিয়নকে একটি উন্নত ও জনবান্ধব ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে কাজ করবেন।
চেয়ারম্যান প্রার্থী হওয়ার বিষয়ে মো. সোহেল রানা বলেন, ‘আমি তমরদ্দি ইউনিয়নের সন্তান। এই এলাকার মানুষের সুখ-দুঃখ, সমস্যা ও সম্ভাবনার সঙ্গে আমি পরিচিত। দীর্ঘদিন ধরে মানুষের পাশে থেকে কাজ করার চেষ্টা করেছি। এবার ইউনিয়নবাসীর সেবা করার বৃহত্তর লক্ষ্য নিয়ে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। জনগণের সমর্থন ও ভালোবাসা পেলে তমরদ্দি ইউনিয়নকে একটি আধুনিক, উন্নত ও বাসযোগ্য ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চাই।’
তিনি আরও বলেন, ‘নির্বাচিত হলে ইউনিয়নের অবহেলিত রাস্তাঘাটের উন্নয়ন, যোগাযোগব্যবস্থার আধুনিকায়ন, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং গরিব-অসহায় মানুষের অধিকার নিশ্চিত করতে কাজ করব।
যুবসমাজের কর্মসংস্থান, সামাজিক নিরাপত্তা ও নাগরিক সুযোগ-সুবিধা বৃদ্ধিতেও বিশেষ গুরুত্ব দেব। চেয়ারম্যান হিসেবে নয়, জনগণের একজন সেবক হয়ে কাজ করতে চাই।
দল-মতনির্বিশেষে সকলকে সঙ্গে নিয়ে স্বচ্ছতা, জবাবদিহিতা ও ন্যায়বিচার প্রতিষ্ঠার মাধ্যমে একটি সুন্দর তমরদ্দি ইউনিয়ন গড়াই আমার লক্ষ্য। এ জন্য ইউনিয়নবাসীর দোয়া, ভালোবাসা ও সহযোগিতা কামনা করছি।’