সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
৭নং চাঁন্দুড়িয়া ইউনিয়নে পরিষদের চেয়ারম্যান পদে লড়তে চান মাহফুজুর রহমান রিমন কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের ৬৪ সদস্যসহ আটক ৩২৫ বিএনপিতে ফিরতে পারেন বহিষ্কৃত নেতারা, আলোচনায় সাত বিদ্রোহী বিজয়ীসহ শতাধিক নেতা টমেটো চাষীদের জাতীয় পর্যায়ের নেতৃত্বে স্থান করে নিয়েছেন রাজবাড়ীর দুই কৃষক বাঙ্গালা ইউনিয়নে বিএনপির সভাপতি পদে মনোনয়ন ফরম সংগ্রহ করলেন ফজলুল হক তমরদ্দি ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হওয়ার ঘোষণা দিলেন এনসিপি নেতা সোহেল রানা প্রকৃতির অপরূপ সৌন্দর্যে নিঝুমদ্বীপ, পর্যটনশিল্প বিকাশের অপেক্ষা বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে পৃথক অভিযান পরিচালনা করে ভারতীয় মাদকদ্রব্য জব্দ টেকনাফে ২০ হাজার ইয়াবাসহ দুই রোহিঙ্গা আটক প্রধানমন্ত্রীর দুই সফরেও মেলেনি মোংলা নদীর সেতুর আশ্বাস, ওঠেনি প্রকল্প

বিএনপিতে ফিরতে পারেন বহিষ্কৃত নেতারা, আলোচনায় সাত বিদ্রোহী বিজয়ীসহ শতাধিক নেতা

  • আপডেট সময় : সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
  • ৪৩ বার পঠিত

বিশেষ প্রতিনিধি:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দলীয় সিদ্ধান্ত অমান্য করে স্বতন্ত্র ও বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ায় বহিষ্কৃত বিএনপি নেতাদের দলে ফিরিয়ে নেওয়ার উদ্যোগ চলছে। দলীয় সূত্রে জানা গেছে, বহিষ্কারাদেশ প্রত্যাহারের মাধ্যমে নেতাদের পুনরায় দলে অন্তর্ভুক্ত করার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে বিএনপির হাইকমান্ড। সম্ভাব্য প্রত্যাবর্তনের তালিকায় রয়েছেন নির্বাচনে বিজয়ী সাত বিদ্রোহী প্রার্থীসহ বিভিন্ন পর্যায়ের অর্ধশতাধিক নেতা।

দলীয় কোন্দল ও অভ্যন্তরীণ বিভক্তি দূর করে সাংগঠনিক ঐক্য সুদৃঢ় করার লক্ষ্যেই এমন উদ্যোগ নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। বিশেষ করে তৃণমূল পর্যায়ে দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করতে বহিষ্কৃত নেতাদের ফিরিয়ে আনার বিষয়টি গুরুত্ব পাচ্ছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলীয় নীতিমালা ও সিদ্ধান্ত অমান্য করার অভিযোগে তিন শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে সাংগঠনিক শাস্তিমূলক ব্যবস্থা নেয় বিএনপি। তাঁদের মধ্যে প্রভাবশালী ৯১ জন নেতা স্বতন্ত্র বা বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেন। এ ছাড়া বিদ্রোহী প্রার্থীদের পক্ষে কাজ করার অভিযোগেও দলের বেশ কয়েকজন শীর্ষস্থানীয় নেতা শাস্তির মুখে পড়েন।

বহিষ্কারাদেশ প্রত্যাহার করে দলে ফেরার সম্ভাব্য তালিকায় রয়েছেন নির্বাচনে বিজয়ী সাত বিদ্রোহী প্রার্থী। তাঁরা হলেন—ব্যারিস্টার রুমিন ফারহানা (ব্রাহ্মণবাড়িয়া-২), লুৎফর রহমান খান আজাদ (টাঙ্গাইল-৩), শেখ মজিবুর রহমান ইকবাল (কিশোরগঞ্জ-৫), আব্দুল হান্নান (চাঁদপুর-৪), আতিকুল আলম শাওন (কুমিল্লা-৭), সালমান ওমর রুবেল (ময়মনসিংহ-১) এবং এ জেড এম রেজওয়ানুল হক (দিনাজপুর-৫)।

এ ছাড়া সম্ভাব্য তালিকায় রয়েছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল আলম নিরব, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ, বিএনপির সাবেক সহদপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু, নির্বাহী কমিটির সাবেক সদস্য ও পটুয়াখালী-৩ আসনের হাসান মামুন, মোহাম্মদ শাহ আলম, মুহাম্মদ গিয়াস উদ্দিন, জাকারিয়া পিন্টু, ডা. শহীদুল আলম, আব্দুস সোবহান, অধ্যাপক মো. রেজাউল করিম, নাসিরুল হক সাবু, শেখ সুজাত মিয়া, এম এ হান্নান, কাজী মফিজুর রহমান, মোহাম্মদ আলী, যশোরের মনিরামপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি শহীদ মো. ইকবাল হোসেন, টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল, যুবদলের সাবেক কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক তরুণ দে এবং সিলেট জেলা বিএনপির সাবেক সহসভাপতি মামুনুর রশীদ (চাকসু মামুন)।

একই তালিকায় আরও রয়েছেন দিনাজপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আ ন ম বজলুর রশিদ, সৈয়দপুর জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াদ আরাফান সরকার রানা, মহাদেবপুর উপজেলা বিএনপির সদস্য পারভেজ আরেফিন সিদ্দিকী জনি, নাটোর জেলা বিএনপির সদস্য ডা. ইয়াসির আরশাদ রাজন, নাটোর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক দাউদার মাহমুদ, পুঠিয়া উপজেলা বিএনপির সদস্য ইসফা খাইরুল হক শিমুল, লন্ডন জিয়া পরিষদের সহসভাপতি ব্যারিস্টার রেজাউল করিম এবং ঢাকা-১৪ আসনে নির্বাচনে অংশ নেওয়া এস এ সিদ্দিক সাজু।

সম্ভাব্য তালিকায় কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক নুরুজ্জামান হাবলু মোল্লা, বাগেরহাট জেলা বিএনপির সদস্য ইঞ্জিনিয়ার মাসুদ, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সদস্য মোহাম্মদ দুলাল হোসেন, মো. আতাউর রহমান খান আঙ্গুর, নরসিংদী জেলা বিএনপির সহসভাপতি মো. জামাল আহমেদ চৌধুরী, মুন্সীগঞ্জ জেলা বিএনপির সদস্য সচিব মো. মহিউদ্দিন, সদস্য মো. মুমিন আলী, কিশোরগঞ্জ সদর থানা বিএনপির সদস্য রেজাউল করিম চুন্নু, ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এ বি সিদ্দিকুর রহমান এবং ভালুকা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. মোর্শেদ আলমের নামও রয়েছে।

এ ছাড়া নেত্রকোনার কেন্দুয়া উপজেলা বিএনপির সদস্য মো. দেলোয়ার হোসেন ভূঁইয়া, মাদারীপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক লাভলু সিদ্দিকী, শিবচর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য কামাল জামাল নুরউদ্দিন মোল্লা, মাদারীপুর জেলা বিএনপির সদস্য মিল্টন বৈদ্য, গোপালগঞ্জ জেলা বিএনপির সদস্য এম এস খান মঞ্জু ও সিরাজুল ইসলাম সিরাজ, অ্যাডভোকেট হাবিবুর রহমান হাবিব, সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সহসভাপতি আনোয়ার হোসেন, দেওয়ান জয়নুল জাকেরীন, মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মহসিন মিয়া মধু, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সহসভাপতি অ্যাডভোকেট কামরুজ্জামান মামুন, সদস্য কৃষিবিদ সাইদুজ্জামান কামাল, কুমিল্লার চান্দিনা উপজেলা বিএনপির সভাপতি আতিকুল আলম শাওন, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক লিয়াকত আলী চেয়ারম্যান, সাবেক সদস্য অ্যাডভোকেট মিজানুল হক চৌধুরী এবং চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি শফিকুল ইসলাম রাহীর নামও আলোচনায় রয়েছে।

দলে ফেরার অপেক্ষায় বহিষ্কৃত নেতারা

বহিষ্কৃত একাধিক নেতা জানিয়েছেন, তাঁদের কেউ কেউ ইতোমধ্যে দলে ফেরার জন্য আবেদন করেছেন। আবার অনেকে বিএনপির হাইকমান্ডের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছেন। দলীয়ভাবে ইতিবাচক সংকেত পেলে তাঁরাও আবেদন করবেন বলে জানিয়েছেন।

তাঁদের ভাষ্য, স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত তাঁরা পরিস্থিতি বিবেচনা করেই নিয়েছিলেন। এখন দলে ফেরার আবেদন করলে তা নিয়ে নানা ধরনের সমালোচনা বা কটূক্তির আশঙ্কা রয়েছে। তাঁদের মতে, আবেদন করা মূলত একটি আনুষ্ঠানিকতা। দলের হাইকমান্ড চাইলে সাংগঠনিক সিদ্ধান্তের মাধ্যমে যেকোনো নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করতে পারে।

বিবেচনায় স্থানীয় বাস্তবতা ও অপরাধের মাত্রা

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী জানিয়েছেন, সংসদ নির্বাচনে দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় বহিষ্কৃত নেতাদের প্রায় সবাই নিজেদের ভুল স্বীকার করে দলে ফেরার আবেদন করেছেন।

তিনি বলেন, প্রতিটি আবেদনের ধরন ও প্রেক্ষাপট এক নয়। স্থানীয় বাস্তবতা বিবেচনায় যাঁদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা জরুরি কিংবা যাঁদের অপরাধের মাত্রা তুলনামূলক কম, তাঁদের আবেদন গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এভাবেই বিষয়গুলো বিবেচনা করছেন।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বহিষ্কৃত নেতাদের দলে ফিরিয়ে আনার উদ্যোগ বাস্তবায়িত হলে বিএনপির অভ্যন্তরীণ বিভক্তি কমানোর পাশাপাশি তৃণমূলের সাংগঠনিক শক্তি বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখতে পারে। তবে শেষ পর্যন্ত কারা দলে ফিরছেন, তা নির্ভর করছে দলের হাইকমান্ডের চূড়ান্ত সিদ্ধান্তের ওপর।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park