
নিজস্ব প্রতিবেদকঃ
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ এবং অস্ত্র-গোলাবারুদ লুটের ঘটনায় বড় পরিসরে মামলা করেছে পুলিশ।
সন্ত্রাসবিরোধী আইন ২০০৯-এর আওতায় দায়ের করা এ মামলায় আসামি করা হয়েছে মোট ৮ হাজার ২৬ জনকে। এর মধ্যে ২৬ জনের নাম উল্লেখ করা হয়েছে, বাকি ৮ হাজার জন রয়েছেন অজ্ঞাতনামা আসামি হিসেবে।
নাম উল্লেখ করা আসামিদের মধ্যে রয়েছেন টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. বাবুল শেখ।
পুলিশ সূত্রে জানা যায়, গত ১৭ নভেম্বর সন্ধ্যা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত একটি সংঘবদ্ধ দল দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে থানায় হামলা চালায়। এ সময় ভাঙচুর ও অগ্নিসংযোগের পাশাপাশি থানার অস্ত্রাগার ভেঙে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ লুটের অভিযোগ উঠেছে।
লুট হওয়া অস্ত্রের তালিকায় রয়েছে এলএমজি, রাইফেল, শটগান, পিস্তল, এসএমজি এবং বিপুল পরিমাণ গুলি ও গোলাবারুদ।
মামলার নথি অনুযায়ী, লুট হওয়া অস্ত্র ও গোলাবারুদের আনুমানিক মূল্য তিন কোটি টাকা। আর হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটে সরকারি সম্পত্তির ক্ষতির পরিমাণ প্রায় ২১ কোটি টাকা।
গত ২২ নভেম্বর দায়ের করা এ মামলার তদন্ত চলছে। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে তদন্ত কর্মকর্তা।
বিস্তারিত জানাচ্ছেন, লুৎফর সিকদার (নিজস্ব প্রতিনিধি) গোপালগঞ্জ: